ইন্ডাকশন না ইনফ্রারেড—কোন চুলা কিনবেন?
গ্যাস সংকট, সিলিন্ডারের উচ্চ দাম ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দেশে দিন দিন বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার। বিশেষ করে শহুরে রান্নাঘরে এখন ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলা বেশ জনপ্রিয়। তবে এই দুই ধরনের চুলার কাজের ধরন, সুবিধা ও ব্যবহারের নিয়ম এক নয়। তাই কেনার আগে জেনে নেওয়া জরুরি কোনটি আপনার প্রয়োজনের সঙ্গে বেশি মানানসই।
ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলার পার্থক্য কী?
ইন্ডাকশন চুলা ইলেক্ট্রোম্যাগনেটিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি পাত্রের তলা গরম করে। ফলে রান্না দ্রুত হয় এবং চুলার উপরের অংশ তুলনামূলক ঠান্ডা থাকে। এতে বিদ্যুৎ খরচও কিছুটা কম হয়।
অন্যদিকে ইনফ্রারেড চুলা হিটিং এলিমেন্টের মাধ্যমে কাচের প্লেট গরম করে এবং সেই তাপ পাত্রে পৌঁছায়। এই কারণে রান্নার পরও কিছুক্ষণ চুলার গ্লাস অংশ গরম থাকে।
ইন্ডাকশন চুলায় কোন পাত্র ব্যবহার করা যায়?
ইন্ডাকশন চুলায় সব ধরনের পাত্র ব্যবহার করা যায় না। শুধুমাত্র স্টিল বা লোহার মতো ফেরোম্যাগনেটিক পাত্র ব্যবহার করতে হয়। পাত্রের নিচে চুম্বক আটকে গেলে সেটি ইন্ডাকশন উপযোগী।
অ্যালুমিনিয়াম, কাচ, সিরামিক বা তামার পাত্র সাধারণত এতে কাজ করে না। এছাড়া পাত্রের তলা সমান ও পরিষ্কার হওয়া জরুরি। পাত্র ছাড়া চুলা চালু করলে অনেক সময় ডিভাইস ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইনফ্রারেড চুলার সুবিধা কী?
ইনফ্রারেড চুলার সবচেয়ে বড় সুবিধা হলো এতে প্রায় সব ধরনের পাত্র ব্যবহার করা যায়। স্টিল, কাচ, সিরামিক, অ্যালুমিনিয়াম—সবই ব্যবহার করা সম্ভব।
তবে রান্নার পর কাচের অংশ দীর্ঘ সময় গরম থাকে, তাই ব্যবহার শেষে সতর্ক থাকতে হবে। এছাড়া খুব ভারী পাত্র জোরে রাখলে গ্লাস প্লেট ফেটে যাওয়ার ঝুঁকি থাকে।
নিরাপদ ব্যবহারের জন্য যা করবেন
- রান্নাঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন
- চুলার আশপাশে দাহ্য বস্তু রাখবেন না
- রান্না শেষে চুলা বন্ধ করে প্লাগ খুলে রাখুন
- শিশুদের নাগালের বাইরে রাখুন
- নিয়মিত নরম কাপড় দিয়ে কাচের অংশ পরিষ্কার করুন
কোনটি কিনবেন?
যদি দ্রুত রান্না, কম বিদ্যুৎ খরচ এবং বেশি নিরাপত্তা চান, তাহলে ইন্ডাকশন চুলা হতে পারে ভালো পছন্দ। আর যদি বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করার সুবিধা চান, তাহলে ইনফ্রারেড চুলা আপনার জন্য বেশি উপযোগী হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে দুই ধরনের চুলাই দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করা সম্ভব।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!