এক বাটিতেই ডাম্পলিং আর স্যুপের স্বাদ
শীতের দিনে গরম গরম ডাম্পলিং স্যুপ, ঘরেই তৈরি করুন সহজ রেসিপিতে
বাইরে থেকে কিনে খাওয়া ডাম্পলিংয়ের স্বাদ এবার ঘরেই উপভোগ করতে পারেন। মজাদার মুরগির কিমার পুর, নরম ডাম্পলিংয়ের আবরণ আর সুগন্ধি চিকেন স্টকের মিশেলে তৈরি ডাম্পলিং স্যুপ হতে পারে বিকেলের নাশতা কিংবা রাতের খাবারের দারুণ একটি পদ। তৈরি করতেও লাগে না খুব বেশি উপকরণ। চলুন, জেনে নেওয়া যাক সহজ রেসিপি।
ডাম্পলিং তৈরিতে যা লাগবে
ডাম্পলিং র্যাপার ১২টি, মুরগির কিমা ২০০ গ্রাম, আদাকুচি ১ চা-চামচ, স্প্রিং অনিয়ন ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, তিলের তেল ১ চা-চামচ এবং আধা কাপ চিকেন স্টক জেলি। চিকেন স্টক ঠান্ডা করে জমিয়ে নিলেই তৈরি হবে এই জেলি।
স্যুপ তৈরিতে যা লাগবে
চিকেন স্টক ৪ কাপ, আদাকুচি ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, স্প্রিং অনিয়ন ২ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে তৈরি করুন ডাম্পলিংয়ের পুর। একটি পাত্রে মুরগির কিমা, আদাকুচি, স্প্রিং অনিয়ন, সয়া সস ও তিলের তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার জমাট চিকেন স্টক জেলি ছোট ছোট টুকরা করে কিমার সঙ্গে মিশিয়ে দিন।
এরপর তৈরি করুন ডাম্পলিং। প্রতিটি র্যাপারের মাঝখানে পরিমাণমতো পুর রাখুন। চারপাশ ভাঁজ করে র্যাপারের মুখ ভালোভাবে বন্ধ করে দিন, যাতে রান্নার সময় ভেতরের পুর বেরিয়ে না আসে।
ডাম্পলিং ভাপে রান্না করুন। স্টিমারে ডাম্পলিংগুলো সাজিয়ে ৮ থেকে ১০ মিনিট ভাপে রাখুন। তবে সময় ডাম্পলিংয়ের আকার ও পুরের পরিমাণ অনুযায়ী কিছুটা কমবেশি হতে পারে। মুরগির কিমা যেন ভেতর পর্যন্ত সম্পূর্ণ সেদ্ধ হয়, তা নিশ্চিত করুন।
এবার তৈরি করুন স্যুপ। আলাদা একটি পাত্রে চিকেন স্টক, আদাকুচি ও সয়া সস দিয়ে ফুটিয়ে নিন। এরপর স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ মিশিয়ে কয়েক মিনিট রান্না করুন।
সবশেষে পরিবেশন। একটি স্যুপের বাটিতে ভাপে রান্না করা ডাম্পলিং সাজিয়ে তার ওপর গরম চিকেন স্টক ঢেলে দিন। ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
নরম ডাম্পলিংয়ের ভেতরের রসালো পুর আর আদা-সয়া সসের সুগন্ধে ভরা গরম স্যুপ—সব মিলিয়ে ঘরেই তৈরি হয়ে যাবে মুখরোচক ডাম্পলিং স্যুপ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!