Dark Mode
Image
  • Saturday, 28 March 2026
এসি ব্যবহারে সতর্কতা: নিরাপদ ও কার্যকর রাখতে যা করবেন

এসি ব্যবহারে সতর্কতা: নিরাপদ ও কার্যকর রাখতে যা করবেন

গরমের দিনে স্বস্তি পেতে এসির বিকল্প নেই। তবে সঠিক রক্ষণাবেক্ষণ না করলে এই আরামই কখনো কখনো ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এসি ব্যবহার ও সার্ভিসিংয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি, যা আপনাকে দুর্ঘটনা থেকে রক্ষা করার পাশাপাশি এসির কার্যক্ষমতাও বাড়াবে।

প্রথমেই এসির ওয়্যারিং বা বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। এ ক্ষেত্রে নিজে না করে অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নেওয়াই ভালো। আলগা সংযোগ বা ত্রুটি আগেভাগে শনাক্ত করা গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এসি ইউনিট থেকে যদি অস্বাভাবিক শব্দ, অতিরিক্ত কম্পন বা পোড়া গন্ধ আসে, তাহলে সেটিকে অবহেলা করা উচিত নয়। এগুলো সম্ভাব্য বড় সমস্যার পূর্বাভাস হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত এসি বন্ধ করে টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।

এসি ব্লোয়ার বা ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ফিল্টারে ধুলা জমে গেলে ঠান্ডা করার ক্ষমতা কমে যায় এবং এসিকে বেশি পরিশ্রম করতে হয়, ফলে এটি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তাই অন্তত ১৫ দিন পরপর ফিল্টার পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।

এসি’র আউটডোর ইউনিটও পরিষ্কার রাখা সমান গুরুত্বপূর্ণ। ধুলা জমে কনডেন্সার কয়েল ব্লক হয়ে গেলে এসির কার্যক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি বাড়ে। এজন্য নির্দিষ্ট সময় পরপর আউটডোর ইউনিট পরিষ্কার করা উচিত।

এসি স্থাপনের ক্ষেত্রেও সচেতন থাকা দরকার। আউটডোর ইউনিটের চারপাশে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। সাধারণত ইউনিটের চারপাশে অন্তত দুই ফুট ফাঁকা জায়গা রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া এর কাছাকাছি কোনো দাহ্য পদার্থ রাখা উচিত নয়।

এসি ব্যবহারের সময় এক্সটেনশন কর্ড ব্যবহার না করাই ভালো। কারণ এতে সার্কিট ওভারলোড হয়ে অতিরিক্ত গরম সৃষ্টি হতে পারে, যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়। এসির জন্য আলাদা বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করাই নিরাপদ।

বিশেষজ্ঞদের মতে, অন্তত তিন মাস পরপর এসির সার্ভিসিং করা উচিত। আর ইনভার্টার এসির ক্ষেত্রে ইন্ডোর ইউনিটের ফিল্টার নিয়মিত পরিষ্কার এবং আউটডোর ইউনিটে পানি দিয়ে সার্ভিসিং করা জরুরি।

সঠিক যত্ন ও নিয়ম মেনে এসি ব্যবহার করলে এটি দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনিও পাবেন নিরাপদ ও আরামদায়ক ঠান্ডা পরিবেশ।

Comment / Reply From