কাইজেলিয়ার ফুলে কারমাইকেলে নতুন চমক
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাসে আবারও দৃষ্টি কাড়ছে এক বিরল প্রজাতির গাছ—কাইজেলিয়া। দীর্ঘ বিরতির পর এই গাছের নতুন বংশে আকর্ষণীয় ফুল ফুটেছে, যা প্রকৃতিপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন এই অনন্য দৃশ্য উপভোগ করতে।
জানা গেছে, ২০০২ সালের দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষকদের কাছে প্রথম এই গাছের তথ্য তুলে ধরেন কৃষিবিদ আবিদ করিম মুন্না। পরে ২০০৪ সালে একই বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান কাইজেলিয়ার বীজ থেকে সফলভাবে চারা উৎপাদন করেন।
এরপর ওই বছরের ১১ ডিসেম্বর কারমাইকেল কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামনে দুটি এবং রংপুর সরকারি কলেজে আরও দুটি চারা রোপণ করা হয়। তবে এখন পর্যন্ত রংপুর সরকারি কলেজের গাছে ফুল বা ফল না এলেও কারমাইকেল কলেজের একটি গাছে কয়েক বছর পর আবার ফুল ফুটেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, তরুণ কাইজেলিয়া গাছটি ফুলে ভরে উঠেছে। ফুটন্ত ফুল ঝরে পড়ে ক্যাম্পাসের সবুজ ঘাস ঢেকে দিচ্ছে, যা পুরো পরিবেশকে করে তুলেছে আরও মনোরম।
কলেজ প্রাঙ্গণে শতবর্ষী আরও দুটি কাইজেলিয়া গাছ রয়েছে, যেগুলোর অবস্থা বর্তমানে বেশ নাজুক। একটি স্বাস্থ্যকেন্দ্রের পাশেই এবং অন্যটি কলেজ মসজিদের কাছে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, আফ্রিকা থেকে আগত এই বিরল গাছের এমন প্রাচীন নমুনা বাংলাদেশে খুব কমই দেখা যায়।
কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, কাইজেলিয়া গাছ সাধারণত ৬০ থেকে ৭০ ফুট পর্যন্ত উঁচু হয়। এর ফুল খয়েরি রঙের এবং ফল লম্বাটে ও গোলাকার, যার ওজন ৫০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত হতে পারে। তবে এই ফল খাওয়ার উপযোগী নয়, যদিও অতীতে এটি হাতির খাদ্য হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা রয়েছে।
তিনি আরও জানান, সব কাইজেলিয়া গাছে ফুল বা ফল আসে না—এমন ধারণা প্রচলিত থাকলেও কারমাইকেল কলেজের এই গাছে ফুল ফোটা নতুন গবেষণার সম্ভাবনা তৈরি করেছে। কেন সব গাছে ফুল ও ফল আসে না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে এই গাছের সম্ভাবনাও খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ২০১০ সালের দিকে কারমাইকেল কলেজের তৎকালীন মালী বাটুল সিং শাখা থেকে চারা উৎপাদনে সফল হন, যা কাইজেলিয়া সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!