Dark Mode
Image
  • Friday, 10 April 2026
কয়েকদিন ধীর হতে পারে ইন্টারনেট**

কয়েকদিন ধীর হতে পারে ইন্টারনেট**

সাবমেরিন ক্যাবল সিস্টেমে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশে সাময়িকভাবে ইন্টারনেট সেবা ধীরগতি বা আংশিক বিঘ্নের মুখে পড়তে পারে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়াম রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করছে। এ কাজ চলবে ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত—মোট তিন দিন আট ঘণ্টা।

এই সময়ের মধ্যে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী ইন্টারনেট সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের গতি কমে যাওয়া বা কিছু ক্ষেত্রে সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালে বিকল্প সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবা সচল রাখার চেষ্টা অব্যাহত থাকবে, যাতে ব্যবহারকারীদের ভোগান্তি কমানো যায়।

বিএসসিপিএলসি আরও জানায়, সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে, যাতে দ্রুত স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরুদ্ধার করা যায়।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Comment / Reply From