Dark Mode
Image
  • Friday, 13 March 2026
গ্রিন টি খাচ্ছেন? ভুল করলে উপকারের বদলে হতে পারে ক্ষতিগ্রিন টি খাচ্ছেন?

গ্রিন টি খাচ্ছেন? ভুল করলে উপকারের বদলে হতে পারে ক্ষতিগ্রিন টি খাচ্ছেন?

ওজন কমানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো—সব ক্ষেত্রেই গ্রিন টি এখন জনপ্রিয় পানীয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান করলে ক্যানসার, টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ এমনকি Alzheimer's disease–এর ঝুঁকি কমতে পারে। এটি মেটাবলিজম বাড়ায়, চর্বি পোড়াতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতাও উন্নত করে।

তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা—সঠিক নিয়ম না মেনে গ্রিন টি পান করলে উপকারের বদলে অপকার হতে পারে। নিচে তুলে ধরা হলো এমন ৮টি ভুল, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

১. খাবার পরপরই পান করা

অনেকে মনে করেন, খাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রিন টি পান করলে চর্বি কমে। বাস্তবে এতে প্রোটিন হজমে সমস্যা হতে পারে। খাবারের অন্তত এক ঘণ্টা পর পান করাই ভালো।

২. খালি পেটে পান

খালি পেটে গ্রিন টি পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে অস্বস্তি ও বদহজম তৈরি করতে পারে। হালকা নাস্তার পর বা দুই বেলার খাবারের মাঝখানে পান করা উত্তম।

৩. ফুটন্ত চায়ে মধু মেশানো

মধু পুষ্টিকর হলেও অতিরিক্ত গরম চায়ে মেশালে এর গুণাগুণ নষ্ট হয়। চা কিছুটা ঠান্ডা হলে তবেই মধু যোগ করুন।

৪. ওষুধের সঙ্গে পান

গ্রিন টি দিয়ে ওষুধ খেলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে এবং অ্যাসিডিটি তৈরি হতে পারে। ওষুধ সেবনে সাধারণ পানি ব্যবহার করাই নিরাপদ।

৫. অতিরিক্ত পান করা

দিনে দুই থেকে তিন কাপের বেশি গ্রিন টি পান না করাই ভালো। এতে থাকা ক্যাফেইন ও ট্যানিন মাথাব্যথা, খিটখিটে মেজাজ এবং আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে।

৬. একসঙ্গে দুটি টি-ব্যাগ ব্যবহার

বেশি টি-ব্যাগ মানেই বেশি উপকার নয়। বরং এতে ক্যাফেইনের মাত্রা বেড়ে গিয়ে পেটের সমস্যা হতে পারে। এক কাপের জন্য একটি টি-ব্যাগই যথেষ্ট।

৭. কৃত্রিম ফ্লেভারযুক্ত গ্রিন টি

বাজারে অনেক ফ্লেভারড গ্রিন টি-তে কৃত্রিম উপাদান থাকে, যা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টের কার্যকারিতা কমাতে পারে। তাই প্রাকৃতিক বা অর্গানিক গ্রিন টি বেছে নেওয়া ভালো।

৮. তাড়াহুড়ো করে পান করা

গ্রিন টি ধীরে ধীরে চুমুক দিয়ে পান করলে শরীর অ্যান্টি-অক্সিডেন্ট ভালোভাবে শোষণ করতে পারে। তাড়াহুড়ো করলে সেই উপকার কমে যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ

গ্রিন টি নিঃসন্দেহে একটি স্বাস্থ্যকর পানীয়। তবে সময়, পরিমাণ ও প্রস্তুতির সঠিক নিয়ম মেনে চললে এর উপকারিতা পুরোপুরি পাওয়া সম্ভব। সচেতন অভ্যাসই পারে এই জনপ্রিয় পানীয়কে সত্যিকারের উপকারী করে তুলতে।

Comment / Reply From