চিকন না মোটা চাল—কোনটি ভালো?
চাল বাঙালির প্রতিদিনের খাবারের অবিচ্ছেদ্য অংশ। তবে অনেকের মনেই প্রশ্ন—চিকন চাল ভালো, নাকি মোটা চাল? পুষ্টিবিদদের মতে, এই প্রশ্নের উত্তর নির্ভর করে চালের পুষ্টিগুণ ও শরীরের প্রয়োজনের ওপর।
চালের বাইরের আবরণে থাকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যেমন ভিটামিন বি (থায়ামিন, নায়াসিন, পাইরিডক্সিন), জিংক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাস। চাল যত বেশি প্রক্রিয়াজাত করা হয় এবং যত বেশি পালিশ করা হয়, ততই এসব পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। ফলে চিকন চালের তুলনায় মোটা চাল পুষ্টিগুণে এগিয়ে থাকে।
মোটা চালে আঁশের পরিমাণ বেশি হওয়ায় এটি ধীরে হজম হয় এবং দীর্ঘসময় পেট ভরা রাখে। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না, বরং ধীরে বাড়ে—যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। পাশাপাশি এটি দীর্ঘসময় শক্তি জোগায় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমায়।
অন্যদিকে, চিকন চালে আঁশ কম থাকায় এটি দ্রুত হজম হয়। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং কিছুক্ষণ পর আবার কমে গিয়ে দ্রুত ক্ষুধা লাগে। এতে অতিরিক্ত ক্যালরি গ্রহণের ঝুঁকি বাড়ে এবং শরীরে মেদ জমতে পারে।
তবে সব ক্ষেত্রে মোটা চালই যে ভালো, তা নয়। যাঁদের হজমে সমস্যা আছে, খাবার চিবাতে বা গিলতে অসুবিধা হয়, তাঁদের জন্য চিকন চাল উপযোগী হতে পারে। এছাড়া সাময়িক হজমের সমস্যায়ও কিছুদিন চিকন চাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সবকিছু বিবেচনায় পুষ্টিবিদরা বলছেন, ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিস বা হৃদ্রোগের ঝুঁকি কমাতে মোটা চাল বেছে নেওয়াই বেশি উপকারী। তবে ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী খাদ্য নির্বাচন করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!