Dark Mode
Image
  • Wednesday, 04 March 2026
ছোলার সালাদে স্বাদ বাড়াতে ড্রেসিং বানাবেন যেভাবে

ছোলার সালাদে স্বাদ বাড়াতে ড্রেসিং বানাবেন যেভাবে

পুষ্টিকর, হালকা ও সুস্বাদু—ছোলার সালাদ হতে পারে দুপুর কিংবা রাতের খাবারের আদর্শ সঙ্গী। বিশেষ করে স্বাস্থ্যসচেতনদের জন্য এটি এক দারুণ পছন্দ। তবে সালাদের স্বাদ নির্ভর করে এর ড্রেসিংয়ের ওপর। সঠিক অনুপাতে টক, ঝাল ও হালকা মিষ্টি স্বাদ মিললে সাধারণ ছোলাও হয়ে ওঠে লোভনীয়।

উপকরণ

সাদা বড় ছোলা – ১ কাপ

লবণ – পরিমাণমতো

শসা, টমেটো ও বাঁধাকপি কুচি – মিলিয়ে ১ কাপ

পেঁয়াজ – ২টি (কিউব করে কাটা)

লেবুর রস – ২ টেবিল চামচ

চিনি – ১ টেবিল চামচ

চিলি সস – ১ চা-চামচ

চিলি ফ্লেক্স – ১ চা-চামচ

জলপাই তেল – ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া – আধা চা-চামচ

ধনেপাতা কুচি – পরিমাণমতো

কাঁচা মরিচ কুচি – ১ চা-চামচ

ভাজা চিনাবাদাম – ২ টেবিল চামচ

প্রণালি

প্রথমে ছোলা ভালো করে ধুয়ে পর্যাপ্ত পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর অল্প লবণ দিয়ে প্রেশারকুকারে সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, ছোলা যেন নরম হয় কিন্তু ভেঙে না যায়।

এবার শসা, টমেটো, বাঁধাকপি ও পেঁয়াজ কিউব করে কেটে একটি বড় বাটিতে নিন। সেদ্ধ ছোলা ঠান্ডা হলে সবজির সঙ্গে মিশিয়ে দিন।

ড্রেসিং তৈরির পদ্ধতি

একটি আলাদা বাটিতে লেবুর রস, লবণ, চিনি, গোলমরিচ গুঁড়া, চিলি সস, চিলি ফ্লেক্স ও জলপাই তেল ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিন। চাইলে স্বাদ অনুযায়ী লেবু বা ঝালের পরিমাণ সামান্য কমবেশি করতে পারেন।

পরিবেশনের আগে সালাদের ওপর ড্রেসিং ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। শেষে ধনেপাতা, কাঁচা মরিচকুচি ও ভাজা চিনাবাদাম ছড়িয়ে দিন। চাইলে ফ্রিজে ১৫–২০ মিনিট রেখে ঠান্ডা পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।

স্বাস্থ্যকর এই ছোলার সালাদ হতে পারে আপনার ডায়েট মেনুর অন্যতম আকর্ষণ।

Comment / Reply From