ত্বকের গ্লো বাড়াতে চাইছেন? শুরু করুন এক কাপ ‘গ্লো টি’ দিয়ে
উজ্জ্বল, দাগহীন ত্বকের জন্য দামি সিরাম আর ক্রিমের পেছনে আমরা কম টাকা খরচ করি না। অথচ ত্বকের আসল যত্ন শুরু হয় ভেতর থেকে। শরীর সুস্থ থাকলে তার প্রভাব পড়ে ত্বকেও। আর সেই যত্নের সহজ একটি উপায় লুকিয়ে থাকতে পারে আপনার প্রতিদিনের এক কাপ চায়ের মধ্যেই।
সাম্প্রতিক সময়ে ‘গ্লো টি’ নামে পরিচিত কিছু হারবাল চা জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু স্বাদ বা রঙের জন্য নয়, বরং ত্বকের ভেতর থেকে যত্ন নেওয়ার ক্ষমতার জন্যই এগুলো আলোচনায়। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন চা ত্বকের জন্য উপকারী।
১. মাচা চা
সামাজিক মাধ্যমে ভাইরাল মাচা চা মূলত অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এতে থাকা ইজিসিজি (EGCG) ত্বকের ক্ষতিকর ফ্রি-র্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে।
কেন উপকারী?
মাচার ক্যাটেচিন দূষণ ও অতিবেগুনি রশ্মির ক্ষতি কমাতে সহায়তা করে। ক্লোরোফিল ত্বককে ডিটক্স করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ক্যাফেইন রক্তসঞ্চালন বাড়িয়ে ত্বকে আনে সতেজ উজ্জ্বলতা। ব্রণপ্রবণ ও তেলতেলে ত্বকের জন্য এটি কার্যকর।
খাওয়ার উপায়:
আধা চা-চামচ মাচা গরম (কিন্তু ফুটন্ত নয়) পানিতে মিশিয়ে নিন। সকালে পান করলে ভালো ফল পাওয়া যায়।
২. জবা ফুলের চা
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে জবা ফুলের চা বেশ পরিচিত।
কেন উপকারী?
জবায় থাকা অ্যান্থোসায়ানিন ও ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ত্বককে টানটান রাখে। প্রাকৃতিক এএইচএ হালকা এক্সফোলিয়েশন করে পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
খাওয়ার উপায়:
১–২ টেবিল চামচ শুকনা জবা ফুল ফুটন্ত পানিতে ৫–১০ মিনিট ভিজিয়ে রাখুন। গরম বা ঠান্ডা—দুইভাবেই পান করা যায়।
৩. নীল অপরাজিতা চা
দৃষ্টিনন্দন নীল রঙের এই চা অ্যান্থোসায়ানিনে ভরপুর।
কেন উপকারী?
এতে থাকা ফ্ল্যাভোনয়েড কোলাজেন বৃদ্ধিতে সহায়ক। বলিরেখা কমাতে ও শুষ্ক ত্বকে আর্দ্রতা যোগ করতে সাহায্য করে। এমনকি মাথার ত্বকের রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের স্বাস্থ্যেরও উপকার করে।
খাওয়ার উপায়:
শুকনা অপরাজিতা ফুল ১০–১৫ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। লেবুর রস দিলে রং বদলে যায়।
৪. ক্যামোমাইল চা
শুধু ভালো ঘুম নয়, ত্বকের জন্যও ক্যামোমাইল উপকারী।
কেন উপকারী?
প্রদাহরোধী উপাদান লালচে ভাব কমায়। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ কমাতে সাহায্য করে। ভালো ঘুম ত্বকের ফোলা ভাব ও কালো দাগ কমাতে ভূমিকা রাখে।
খাওয়ার উপায়:
১–২ চা-চামচ শুকনা ক্যামোমাইল ফুল ৫–১০ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। ঘুমানোর আগে পান করা উত্তম।
৫. গোলাপ চা
ত্বকের যত্নে গোলাপের ব্যবহার পুরোনো। পান করলেও এর উপকার মেলে।
কেন উপকারী?
ভিটামিন সি কোলাজেন বাড়াতে সহায়তা করে, ভিটামিন ই ত্বককে নরম ও মসৃণ রাখে। সংবেদনশীল ত্বকের জন্য এটি উপযোগী।
খাওয়ার উপায়:
শুকনা গোলাপের পাপড়ি ১০–১৫ মিনিট গরম পানিতে ভিজিয়ে ছেঁকে নিন। চাইলে মধু যোগ করতে পারেন।
৬. তুলসী-আদা চা
আয়ুর্বেদে বহুল ব্যবহৃত তুলসী ও আদা ত্বকের ভেতর থেকে যত্ন নেয়।
কেন উপকারী?
তুলসী পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে, আদা রক্তসঞ্চালন বাড়িয়ে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা আনে। ব্রণ কমাতেও সহায়ক।
খাওয়ার উপায়:
তুলসীপাতা ও কুচি আদা ৫–৭ মিনিট ফুটিয়ে নিন। ছেঁকে গরম–গরম পান করুন।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু চা খেলেই চমকপ্রদ পরিবর্তন আসবে—এমন আশা করা ঠিক নয়। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান ও পর্যাপ্ত ঘুমও সমান গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, এসব তথ্য গ্রাজিয়া ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!