Dark Mode
Image
  • Thursday, 23 April 2026
দুধ খাঁটি নাকি ভেজাল? ঘরেই জেনে নিন সহজ উপায়

দুধ খাঁটি নাকি ভেজাল? ঘরেই জেনে নিন সহজ উপায়

দুধ পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এতে রয়েছে ভিটামিন ডি, বি১২, ক্যালসিয়াম ও প্রোটিন—যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে বর্তমানে বাজারে পাওয়া অনেক দুধেই ভেজাল মেশানোর অভিযোগ রয়েছে। পানি, স্টার্চ, ডিটারজেন্ট বা বিভিন্ন কৃত্রিম উপাদান মিশিয়ে দুধের মান নষ্ট করা হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

প্যাকেটজাত দুধ কেনার সময় সরাসরি ভেজাল বোঝা কঠিন হলেও, বাড়িতে কিছু সহজ পদ্ধতিতে তা যাচাই করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক দুধ খাঁটি নাকি ভেজাল—কীভাবে বুঝবেন।

ফেনা তৈরি হচ্ছে কিনা দেখুন
দুধে ডিটারজেন্ট মেশানো থাকলে সহজেই ফেনা তৈরি হয়। একটি বোতলে দুধ নিয়ে ভালোভাবে ঝাঁকান। যদি বেশি ফেনা তৈরি হয়, তাহলে সতর্ক হোন—এতে ভেজাল থাকতে পারে।

মেঝেতে ফেলে পরীক্ষা করুন
মসৃণ কোনো জায়গায় অল্প দুধ ফেলুন। খাঁটি দুধ সহজে গড়িয়ে যাবে এবং সাদা দাগ ফেলবে না। কিন্তু যদি দুধের পেছনে সাদা রেখা থেকে যায়, তাহলে বুঝতে হবে এতে ভেজাল রয়েছে।

ডাল গুঁড়ো দিয়ে ইউরিয়া পরীক্ষা
একটি পাত্রে সামান্য দুধ নিয়ে তাতে অড়হর ডালের গুঁড়ো মিশিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর লিটমাস পেপার ডুবিয়ে দেখুন। রঙ পরিবর্তন হলে এতে ইউরিয়ার উপস্থিতি থাকতে পারে।

লবণ দিয়ে রঙ পরিবর্তন পরীক্ষা
দুধের মধ্যে সামান্য লবণ মিশিয়ে দেখুন। যদি দুধের রঙ নীলচে হয়ে যায়, তাহলে এতে কার্বোহাইড্রেট জাতীয় ভেজাল থাকার সম্ভাবনা রয়েছে।

আয়োডিন দিয়ে স্টার্চ শনাক্ত করুন
অল্প দুধ গরম করে ঠান্ডা হওয়ার পর কয়েক ফোঁটা আয়োডিন দিন। যদি রঙ পরিবর্তন হয় (বিশেষত হলুদ বা নীলচে), তাহলে বুঝতে হবে এতে স্টার্চ বা অন্য কোনো ভেজাল রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভেজালযুক্ত দুধ নিয়মিত খেলে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই দুধ ব্যবহারের আগে এই সহজ পরীক্ষাগুলো করে নেওয়া ভালো। নিরাপদ খাদ্য গ্রহণই সুস্থ থাকার প্রথম শর্ত।

Comment / Reply From