পাউরুটির নরম ভাবেই লুকিয়ে ভয়ংকর বিপদ!
সকালের নাশতা কিংবা দ্রুত ক্ষুধা মেটাতে পাউরুটি এখন অনেকের প্রতিদিনের খাবারের অংশ। নরম, ফোলাভাবযুক্ত ও সাদা পাউরুটি দেখতে যত আকর্ষণীয়, এর ভেতরে থাকা কিছু রাসায়নিক ততটাই উদ্বেগের কারণ হতে পারে। এমনই একটি উপাদান হলো পটাশিয়াম ব্রোমেট, যা বহু দেশে নিষিদ্ধ হলেও এখনো কিছু বেকারি পণ্যে ব্যবহারের অভিযোগ রয়েছে।
কী এই পটাশিয়াম ব্রোমেট?
পটাশিয়াম ব্রোমেট মূলত ময়দার গুণগত মান বাড়ানোর জন্য ব্যবহৃত একটি রাসায়নিক উপাদান। এটি ডো দ্রুত ফুলতে সাহায্য করে, ময়দাকে আরও স্থিতিস্থাপক করে এবং পাউরুটিকে নরম ও সাদা দেখায়। উৎপাদন সহজ ও আকর্ষণীয় করতে কিছু বেকারিতে এটি ব্যবহার করা হয়।
কেন এটি বিপজ্জনক?
বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় পটাশিয়াম ব্রোমেটকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘদিন এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে কিডনি, থাইরয়েড ও পরিপাকতন্ত্রে গুরুতর সমস্যা তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এটি কিডনির কোষ ক্ষতিগ্রস্ত করতে পারে এবং দীর্ঘমেয়াদে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। অতিরিক্ত মাত্রায় শরীরে প্রবেশ করলে কিডনি বিকল হওয়ার ঝুঁকিও তৈরি হয়।
এ ছাড়া পটাশিয়াম ব্রোমেটের কারণে দেখা দিতে পারে—
- মাথা ঘোরা
- দুর্বলতা
- স্নায়বিক অস্থিরতা
- শ্রবণশক্তি হ্রাস
- বমিভাব
- পেটব্যথা
- ডায়রিয়া ও গ্যাস্ট্রিকের সমস্যা
গবেষকদের মতে, এটি শরীরে ফ্রি র্যাডিক্যাল তৈরি বাড়ায়, যা কোষের ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি বাড়াতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ
স্বাস্থ্যঝুঁকির কারণে যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে খাদ্যে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারণ বেকিংয়ের সময় রাসায়নিকটি পুরোপুরি ভেঙে না গেলে এর অবশিষ্টাংশ খাবারে থেকে যেতে পারে।
ভোক্তাদের কী করা উচিত?
নিরাপদ থাকতে পাউরুটি কেনার আগে পণ্যের গায়ে থাকা উপাদান তালিকা ভালোভাবে দেখে নেওয়া জরুরি। সেখানে ‘Potassium Bromate’ বা ‘পটাশিয়াম ব্রোমেট’ লেখা থাকলে সেই পণ্য এড়িয়ে চলাই ভালো।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—
- বিশ্বস্ত ও মানসম্মত ব্র্যান্ডের পাউরুটি কিনুন
- অতিরিক্ত প্রক্রিয়াজাত বেকারি খাবার কম খান
- শিশুদের বেকারি খাবার সীমিত দিন
- সম্ভব হলে বাসায় তৈরি রুটি বা স্বাস্থ্যকর ব্রেড বেছে নিন
খাবারের বাহ্যিক সৌন্দর্য সব সময় নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। তাই নরম ও ফোলাভাবযুক্ত পাউরুটি দেখেই নয়, এর উপাদান সম্পর্কেও সচেতন হওয়া জরুরি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!