পুরনো খবরের কাগজ ফেলছেন? জেনে নিন ঘরের কাজে দারুণ ব্যবহার
ঘরের কোণে জমে থাকা পুরনো খবরের কাগজ সাধারণত বিক্রি করেই দায় সারা হয়। কিন্তু একটু সচেতন হলে এই কাগজই হতে পারে ঘর পরিষ্কার ও গোছগাছের কাজে দারুণ সহায়ক। দৈনন্দিন জীবনের নানা ছোটখাটো কাজে পুরনো খবরের কাগজ ব্যবহার করে যেমন সময় ও টাকা বাঁচানো যায়, তেমনি নিশ্চিত হয় পুনর্ব্যবহারও।
বাড়ির জানালার কাচ পরিষ্কারের ক্ষেত্রে পুরনো খবরের কাগজ বেশ কার্যকর। শুকনো কাপড়ের তুলনায় খবরের কাগজ দ্রুত পানি ও আর্দ্রতা শুষে নেয়, ফলে কাচে দাগ পড়ে না এবং ঝকঝকে পরিষ্কার হয়। একইভাবে গাড়ির কাচ পরিষ্কার করতেও এটি সহজ ও সাশ্রয়ী সমাধান হতে পারে।
খবরের কাগজের আরেকটি বড় সুবিধা হলো এর শোষণ ক্ষমতা। এই কারণে আলমারি কিংবা রান্নাঘরের তাকের ওপর আচ্ছাদন হিসেবে এটি ব্যবহার করা যায়। রান্নাঘরের তাকে কাগজ বিছিয়ে রাখলে তেল বা ময়লা জমার ঝামেলা কমে যায়। কাগজ নোংরা হয়ে গেলে সহজেই তা বদলে ফেলা যায়, এতে পরিষ্কার রাখা যেমন সহজ হয়, তেমনি সময়ও সাশ্রয় হয়।
কাপড় বা বই রাখার তাকেও খবরের কাগজ ব্যবহার করা যেতে পারে। এতে তাক পরিষ্কার থাকে এবং প্রয়োজনে দ্রুত নতুন কাগজ বসানো সম্ভব হয়।
এছাড়া পাউরুটি সেঁকার গ্রিল কিংবা বারবিকিউ গ্রিল পরিষ্কারের ক্ষেত্রেও পুরনো খবরের কাগজ বেশ কাজে আসে। গ্রিল ঠান্ডা হওয়ার পর তাতে সামান্য পানি ছিটিয়ে কয়েক স্তর খবরের কাগজ দিয়ে ঢেকে ১০–১৫ মিনিট রেখে দিন। এরপর কাগজ সরিয়ে শুকনো কাগজ বা কাপড় দিয়ে মুছে ফেললে পোড়া দাগ ও জমে থাকা ময়লা সহজেই উঠে যাবে।
এই ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুললে একদিকে যেমন পুরনো কাগজের সঠিক পুনর্ব্যবহার নিশ্চিত হয়, অন্যদিকে ঘরের কাজও হয়ে ওঠে আরও সহজ ও ঝামেলামুক্ত।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!