ভুয়া কিউআর কোডে প্রতারণা থেকে বাঁচতে যা জানবেন 📱💳
ডিজিটাল লেনদেনের প্রসারের সঙ্গে সঙ্গে নগদ টাকার ব্যবহার অনেকটাই কমে গেছে। এখন বাজারে কেনাকাটা, রেস্তোরাঁর বিল পরিশোধ কিংবা বিভিন্ন সেবার মূল্য পরিশোধ—সবই স্মার্টফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডে সম্পন্ন করা যায়। দোকানে থাকা কিউআর কোড স্ক্যান করলেই সহজে পেমেন্ট করা সম্ভব।
তবে এই সুবিধার পাশাপাশি সাইবার প্রতারণার ঘটনাও বাড়ছে। অনেক প্রতারক ভুয়া কিউআর কোড ব্যবহার করে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই কিউআর কোড ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা প্রয়োজন।
কোডটি ভালোভাবে পরীক্ষা করুন
কিউআর কোড স্ক্যান করার আগে সেটি ভালোভাবে লক্ষ্য করুন। অনেক সময় প্রতারকরা আসল কোডের ওপর ভুয়া স্টিকার বা আলাদা কাগজ লাগিয়ে দেয়। বাইরে থেকে এটি বোঝা কঠিন হলেও খেয়াল করলে পার্থক্য ধরা পড়তে পারে। এমন সন্দেহজনক কিছু দেখলে কোডটি স্ক্যান না করাই নিরাপদ।
স্ক্যান করার পর তথ্য যাচাই করুন
কিউআর কোড স্ক্যান করার পর তাড়াহুড়া করে লেনদেন করা ঠিক নয়। স্ক্যান করার পর মোবাইল স্ক্রিনে যে নাম বা অ্যাকাউন্ট তথ্য দেখায়, সেটি ভালোভাবে যাচাই করা উচিত। দোকানের নাম বা যাকে টাকা পাঠানো হচ্ছে সেটি সঠিক কি না নিশ্চিত হয়ে তবেই পেমেন্ট করুন।
বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করুন
ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে পরিচিত ও বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। অজানা বা সন্দেহজনক কোনো অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করলে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে।
‘স্ক্যান করলে টাকা পাবেন’—এমন প্রলোভনে সতর্ক থাকুন
কেউ যদি দাবি করে কিউআর কোড স্ক্যান করলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, তাহলে তা নিয়ে সতর্ক থাকুন। সাধারণত কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা পাঠানো হয়, টাকা গ্রহণ করা নয়। তাই এমন প্রস্তাব অনেক সময় প্রতারণার অংশ হতে পারে।
সন্দেহ হলে দ্রুত ব্যবস্থা নিন
যদি কোনো কিউআর কোড সন্দেহজনক মনে হয়, তাহলে সঙ্গে সঙ্গে লেনদেন বন্ধ করুন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংক বা পেমেন্ট অ্যাপের হেল্পলাইনে বিষয়টি জানান। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা শক্ত রাখা এবং নিয়মিত সতর্ক থাকা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা এবং সতর্কতা মেনে চললে ভুয়া কিউআর কোডের মাধ্যমে হওয়া বড় ধরনের আর্থিক ক্ষতি সহজেই এড়ানো সম্ভব।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!