Dark Mode
Image
  • Monday, 22 June 2026
ভ্যাপসা গরমে চোখ বাঁচাতে মানুন ৮ জরুরি পরামর্শ

ভ্যাপসা গরমে চোখ বাঁচাতে মানুন ৮ জরুরি পরামর্শ

গ্রীষ্মের তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় মানুষ সাধারণত ত্বকের যত্ন নিয়ে বেশি সচেতন থাকলেও শরীরের অন্যতম সংবেদনশীল অঙ্গ চোখের সুরক্ষার বিষয়টি অনেক সময় উপেক্ষিত থেকে যায়। অথচ অতিরিক্ত তাপ, ধুলাবালি, রোদ এবং পানিশূন্যতার কারণে এ সময় চোখে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ভ্যাপসা গরমে চোখ সুস্থ রাখতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মি চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই দিনের বেলা বাইরে বের হলে অবশ্যই ভালো মানের সানগ্লাস ব্যবহার করা উচিত। এতে চোখ সরাসরি সূর্যের তাপ ও ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষিত থাকে। পাশাপাশি চওড়া কিনারাযুক্ত টুপি ব্যবহার করলে চোখ ও মুখের ওপর সূর্যের সরাসরি আলো পড়ার ঝুঁকি কমে যায়।

প্রচণ্ড গরমে চোখকে সতেজ রাখতে দিনের মধ্যে কয়েকবার পরিষ্কার ও ঠান্ডা পানি দিয়ে চোখ-মুখ ধুয়ে নেওয়া উপকারী। এতে চোখে জমে থাকা ধুলাবালি ও ময়লা পরিষ্কার হয় এবং সংক্রমণের ঝুঁকিও অনেকাংশে কমে যায়।

বর্তমানে অনেকেই দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ বা অফিসে অবস্থান করেন। তবে এসির ঠান্ডা বাতাস সরাসরি চোখে লাগলে চোখের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে, যা শুষ্কতা ও অস্বস্তির কারণ হয়। তাই বসার সময় এমনভাবে অবস্থান করা উচিত যাতে এসির বাতাস সরাসরি চোখে না লাগে।

বিশেষজ্ঞরা জানান, গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। এর ফলে চোখের আর্দ্রতাও কমে যেতে পারে। তাই শরীর ও চোখ সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে দুপুরের প্রখর রোদে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।

গরমের সময় সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। অসাবধানতাবশত সানস্ক্রিন চোখে ঢুকে গেলে জ্বালাপোড়া বা অস্বস্তি তৈরি হতে পারে। তাই এটি ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

এ সময় অনেকেই সুইমিং পুল বা জলাশয়ে সাঁতার কাটতে পছন্দ করেন। তবে পুলের ক্লোরিনযুক্ত পানি কিংবা বিভিন্ন জীবাণু থেকে চোখকে রক্ষা করতে সুইমিং গগলস ব্যবহার করা উচিত। এতে চোখের সংক্রমণের ঝুঁকি কমে যায়।

চোখের সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুমও গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘণ্টা ঘুম চোখকে বিশ্রাম দেয় এবং ক্লান্তি দূর করতে সহায়তা করে।

এ ছাড়া চোখে শুষ্কতা বা অস্বস্তি অনুভব করলেই নিজের সিদ্ধান্তে আই ড্রপ ব্যবহার করা উচিত নয়। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া যেকোনো ধরনের ড্রপ ব্যবহার করলে উপকারের পরিবর্তে ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। তাই চোখের যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

সচেতনতা ও কিছু সহজ অভ্যাসের মাধ্যমে গরমের মৌসুমেও চোখকে সুস্থ ও নিরাপদ রাখা সম্ভব। তাই ত্বকের পাশাপাশি চোখের যত্নেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Comment / Reply From