রাউটারের এই ৫ ভুলেই কমছে ইন্টারনেটের গতি
বর্তমান সময়ে দ্রুতগতির ইন্টারনেট শুধু প্রয়োজনই নয়, বরং কাজ, শিক্ষা এবং বিনোদনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনলাইন ক্লাস, অফিস মিটিং, ভিডিও স্ট্রিমিং কিংবা গেমিং—সব ক্ষেত্রেই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের বিকল্প নেই। কিন্তু অনেকেই উচ্চগতির ব্রডব্যান্ড প্যাকেজ ব্যবহার করার পরও প্রত্যাশিত গতি পান না।
বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে সমস্যার মূল কারণ ইন্টারনেট সংযোগ নয়, বরং ওয়াই-ফাই রাউটারের ভুল ব্যবহার বা অবস্থান। কয়েকটি সহজ পরিবর্তনের মাধ্যমেই ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব।
রাউটারের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ
ওয়াই-ফাই রাউটার এমন স্থানে রাখা উচিত, যেখানে চারপাশ খোলা থাকে এবং সিগন্যাল সহজে ছড়িয়ে যেতে পারে। অনেকেই রাউটার আলমারির ভেতরে, টেলিভিশনের পেছনে বা মোটা দেয়ালের পাশে রাখেন, যা সিগন্যালের শক্তি কমিয়ে দেয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঘরের কেন্দ্রীয় স্থানে এবং মেঝে থেকে কিছুটা উঁচু জায়গায় রাউটার রাখলে পুরো বাসায় সমানভাবে সিগন্যাল পৌঁছায়।
নিয়মিত রিস্টার্ট করুন
অনেকেই মাসের পর মাস রাউটার বন্ধ না করেই ব্যবহার করেন। এতে রাউটারের প্রসেসর ও মেমোরির ওপর চাপ বাড়ে, ফলে সংযোগ ধীর হয়ে যেতে পারে।
সপ্তাহে অন্তত একবার রাউটার বন্ধ করে দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করে আবার চালু করলে ক্যাশ মেমোরি পরিষ্কার হয় এবং অনেক প্রযুক্তিগত সমস্যা দূর হয়ে যায়।
প্রয়োজন হলে রিসেট করুন
বারবার সমস্যা দেখা দিলে রাউটারের রিসেট অপশন ব্যবহার করা যেতে পারে। অধিকাংশ রাউটারে একটি ছোট রিসেট বাটন থাকে। এটি কয়েক সেকেন্ড চেপে ধরলে রাউটার ডিফল্ট সেটিংসে ফিরে যায় এবং অনেক সফটওয়্যারজনিত ত্রুটি দূর হয়।
তবে রিসেট করার পর নতুন করে ওয়াই-ফাইয়ের নাম (SSID) ও পাসওয়ার্ডসহ প্রয়োজনীয় সেটিংস কনফিগার করতে হবে।
ফার্মওয়্যার আপডেট রাখুন
রাউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত নিরাপত্তা ও কর্মক্ষমতা উন্নত করতে নতুন ফার্মওয়্যার প্রকাশ করে। পুরোনো সফটওয়্যার ব্যবহার করলে ইন্টারনেটের গতি কমে যাওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়তে পারে।
তাই সময়ে সময়েই রাউটারের ফার্মওয়্যার আপডেট আছে কি না, তা পরীক্ষা করে প্রয়োজনীয় আপডেট ইনস্টল করা উচিত।
অপ্রয়োজনীয় ডিভাইস বিচ্ছিন্ন করুন
একই রাউটারে অতিরিক্ত ডিভাইস সংযুক্ত থাকলে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়। ফলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। তাই যেসব ডিভাইস ব্যবহার করা হচ্ছে না, সেগুলো সংযোগ থেকে বিচ্ছিন্ন রাখা ভালো।
সবসময় নতুন প্যাকেজ নয়
ধীরগতির ইন্টারনেট মানেই যে আরও বেশি দামের প্যাকেজ নিতে হবে, এমন নয়। অনেক সময় শুধু রাউটারের সঠিক অবস্থান নির্বাচন, নিয়মিত রিস্টার্ট, ফার্মওয়্যার আপডেট এবং প্রয়োজনীয় সেটিংস ঠিক করার মাধ্যমেই সংযোগের গতি ও স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!