Dark Mode
Image
  • Thursday, 25 June 2026
ফ্রি বিশ্বকাপ স্ট্রিমিংয়ের ফাঁদে সাইবার ঝুঁকি

ফ্রি বিশ্বকাপ স্ট্রিমিংয়ের ফাঁদে সাইবার ঝুঁকি

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে ব্যাপক উন্মাদনা। প্রিয় দলের খেলা উপভোগ করতে টেলিভিশনের পাশাপাশি অনলাইন স্ট্রিমিংয়ের দিকেও ঝুঁকছেন অসংখ্য দর্শক। তবে বিনামূল্যে খেলা দেখার লোভে অপরিচিত ওয়েবসাইট বা সন্দেহজনক লিংকে প্রবেশ করলে বড় ধরনের সাইবার ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্বকাপের ম্যাচ চলাকালে ইন্টারনেটে অসংখ্য ‘ফ্রি লাইভ স্ট্রিমিং’ লিংক ছড়িয়ে পড়ে। অনেক দর্শক সার্চ ইঞ্জিনে খেলার লিংক খুঁজে এসব ওয়েবসাইটে প্রবেশ করেন। কিন্তু এসব লিংকের অনেকগুলোই ব্যবহারকারীকে জুয়ার সাইট, ভুয়া অ্যাপ বা প্রতারণামূলক প্ল্যাটফর্মে নিয়ে যায়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এসব ওয়েবসাইটে প্রবেশ করলেই ব্যবহারকারীর ডিভাইস, ব্রাউজিং কার্যক্রম এবং বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহের ঝুঁকি তৈরি হয়। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীকে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে বলা হয়, যা ডিভাইসে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করাতে পারে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা জানিয়েছেন, বিনামূল্যের অনলাইন স্ট্রিমিং সাইট ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের অজান্তেই বিভিন্ন তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধে ব্যবহার করতে পারে।

বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য বড় ক্রীড়া আসরের সময় অনলাইনে খেলা দেখার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক চক্র অসংখ্য অননুমোদিত লিংক ছড়িয়ে দেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এসব লিংকের মাধ্যমে ফিশিং, তথ্য চুরি এবং আর্থিক প্রতারণার মতো অপরাধও সংঘটিত হচ্ছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, খেলা দেখতে হলে অবশ্যই অনুমোদিত সম্প্রচার মাধ্যম বা নির্ভরযোগ্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত। অপরিচিত লিংক, সন্দেহজনক ওয়েবসাইট এবং অজানা অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকলেই সাইবার ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব।

Comment / Reply From

You May Also Like