বয়স লুকালেও শনাক্ত করবে মেটার এআই
বয়স লুকিয়েও রেহাই নেই, কিশোরদের জন্য ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন কড়াকড়ি
কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি আরও বাড়াচ্ছে মেটা। ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের পাশাপাশি তাদের পোস্ট, অনলাইন কার্যক্রম ও আচরণ বিশ্লেষণ করে প্রকৃত বয়স সম্পর্কে ধারণা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। কোনো ব্যবহারকারী নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও এআইয়ের বিশ্লেষণে তাকে কিশোর বলে মনে হলে স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্টে চালু হবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি বলছে, চলতি মাস থেকে ইনস্টাগ্রামে বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা হবে। এর মাধ্যমে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আরও বেশি কিশোরকে আনা সম্ভব হবে বলে আশা করছে তারা।
এআই যেভাবে শনাক্ত করবে কিশোরদের
মেটার নতুন প্রযুক্তি শুধু ব্যবহারকারীর দেওয়া বয়সের তথ্যের ওপর নির্ভর করবে না। বরং অ্যাকাউন্টের পোস্ট, অনলাইন আচরণ এবং বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে ব্যবহারকারীর বয়স সম্পর্কে ধারণা তৈরি করবে এআই।
কোনো অ্যাকাউন্টের ব্যবহারকারী নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও প্রযুক্তিটি যদি তাকে কিশোর হিসেবে শনাক্ত করে, তাহলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে।
মেটার দাবি, পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে সুরক্ষার আওতায় আনা গেছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে প্রযুক্তিটির ব্যবহার শুরু হয়েছিল। এবার বিশ্বজুড়ে এর পরিসর বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
ফেসবুক ও থ্রেডসেও আসছে নতুন ব্যবস্থা
চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা নতুন প্রযুক্তি সম্পর্কে নোটিফিকেশন পাবেন। শুধু ইনস্টাগ্রামেই সীমাবদ্ধ থাকছে না এ উদ্যোগ। বছরের পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও বয়স শনাক্তকরণ প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে মেটার।
কিশোরদের অ্যাকাউন্টে থাকছে যেসব বিধিনিষেধ
মেটার ‘টিন অ্যাকাউন্ট’ ব্যবস্থায় কিশোরদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণে বেশ কিছু নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে—
-
১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা।
-
প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ।
-
রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।
-
দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখার ব্যবস্থা।
-
একটানা ১৫ মিনিট ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ।
-
দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তা দেখানো।
-
অপরিচিত ব্যক্তি ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ।
-
সামাজিক তুলনা বাড়াতে পারে, এমন কিছু লাইক ও রিঅ্যাকশন সুবিধা সীমিত করা।
এসব ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো কিশোরদের অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কমানো এবং অনলাইন ঝুঁকি থেকে তাদের সুরক্ষিত রাখা।
কিশোরদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে অনলাইনে থাকতে উৎসাহিত করতে পারে।
এ ছাড়া লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা তৈরি হয়। পাশাপাশি ক্ষতিকর বা বয়স অনুপযোগী কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও থাকে।
আইনি চাপের মুখেও মেটা
কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আসক্তিমূলক আচরণকে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করে না এবং অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।
এ ধরনের সমালোচনা, আইনি পদক্ষেপ ও আর্থিক সমঝোতার চাপের মধ্যে কিশোরদের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। নতুন প্রযুক্তির মাধ্যমে বয়স গোপন করে কিশোরদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সুবিধা ব্যবহারের সুযোগ কমানোই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!