ফেসবুকের ‘রিচ’ মেট্রিক বন্ধ, আসছে নতুন ‘ভিউয়ারস’
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত ‘রিচ’ (Reach) মেট্রিক তুলে নিয়ে এর পরিবর্তে চালু করা হচ্ছে ‘ভিউয়ারস’ (Viewers) নামের নতুন সূচক। আগামী ৩১ অক্টোবর থেকে এই পরিবর্তন কার্যকর হবে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফেসবুক।
এতদিন ফেসবুকে কোনো পোস্ট, ছবি, ভিডিও কিংবা রিলস কতগুলো স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা হিসাব করা হতো ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে। তবে নতুন ব্যবস্থায় কনটেন্টের দর্শকসংখ্যা ও পারফরম্যান্স মূল্যায়নে ‘ভিউয়ারস’ সূচককে প্রধান হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে কনটেন্টের দর্শক উপস্থিতি ও সম্পৃক্ততা পরিমাপের ক্ষেত্রে নতুন পদ্ধতি অনুসরণ করবে প্ল্যাটফর্মটি।
ফেসবুকের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ডিজিটাল মার্কেটিং পেশাজীবীদের ওপর। কারণ, এতদিন প্রচারণার কার্যকারিতা ও কনটেন্টের জনপ্রিয়তা বোঝার ক্ষেত্রে ‘রিচ’ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ পরিমাপক। নতুন মেট্রিক চালু হলে কনটেন্টের সাফল্য মূল্যায়নের কৌশলেও পরিবর্তন আনতে হতে পারে।
এ ছাড়া পুরোনো ‘রিচ’ পরিসংখ্যানের সঙ্গে নতুন ‘ভিউয়ারস’ তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। তাই পেজ পরিচালকদের আগের পরিসংখ্যান সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি সম্পর্কে আগেভাগেই ধারণা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ৩১ অক্টোবরের পর ফেসবুক কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নে নতুন এই ব্যবস্থাই অনুসরণ করতে হবে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!