ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হচ্ছে? জায়গা খালি করার ৭ কার্যকর উপায়
জরুরি মুহূর্তে ছবি তুলতে গিয়ে হঠাৎ ফোনে ভেসে উঠল ‘স্টোরেজ স্পেস শেষ’—স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এমন অভিজ্ঞতা বেশ পরিচিত। নতুন অ্যাপ ইনস্টল করা, ছবি তোলা কিংবা ভিডিও ডাউনলোড করতে গেলেও দেখা দেয় একই সমস্যা। একপর্যায়ে জায়গা খালি করতে গিয়ে প্রয়োজনীয় ছবি, ভিডিও ও ফাইল মুছে ফেলতে হয়।
স্মার্টফোনে প্রতিদিন ছবি তোলা, ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং বিভিন্ন অ্যাপ ডাউনলোডের কারণে জমতে থাকে অসংখ্য ফাইল। এর সঙ্গে যুক্ত হয় অ্যাপের ক্যাশ, মেসেজিং অ্যাপের মিডিয়া এবং অপারেটিং সিস্টেমের বিভিন্ন ফাইল। ফলে ১২৮ বা ২৫৬ জিবি স্টোরেজের ফোনও অনেক সময় দ্রুত পূর্ণ হয়ে যায়।
তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলে গুরুত্বপূর্ণ তথ্য অক্ষত রেখেই ফোনের স্টোরেজে জায়গা তৈরি করা সম্ভব। জেনে নেওয়া যাক, কী কারণে ফোনের মেমোরি দ্রুত পূর্ণ হয় এবং জায়গা খালি করার সাতটি কার্যকর উপায়।
যেসব কারণে দ্রুত পূর্ণ হয় ফোনের স্টোরেজ
ছবি ও ভিডিও: স্মার্টফোনের উচ্চ রেজল্যুশনের ক্যামেরায় তোলা ছবি ও ভিডিও তুলনামূলক বেশি জায়গা দখল করে। বিশেষ করে ফোরকে রেজল্যুশনের ভিডিও কয়েক মিনিটেই কয়েকশ মেগাবাইট থেকে কয়েক গিগাবাইট পর্যন্ত জায়গা নিতে পারে। একই ছবির একাধিক কপি, স্ক্রিনশট ও সম্পাদিত ছবিও স্টোরেজের ওপর চাপ তৈরি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাশ: ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব ব্যবহারের সময় বিভিন্ন ছবি ও ভিডিও দ্রুত দেখানোর জন্য অ্যাপগুলো সাময়িক ফাইল সংরক্ষণ করে। এগুলো ক্যাশ ফাইল নামে পরিচিত। দীর্ঘদিন এসব অ্যাপ ব্যবহার করলে ক্যাশের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে।
মেসেজিং অ্যাপের মিডিয়া: হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও, ভয়েস মেসেজ ও নথি আদান-প্রদান হয়। বিশেষ করে গ্রুপে আসা মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হলে অজান্তেই ফোনের অনেক জায়গা দখল হয়ে যায়।
বড় আকারের অ্যাপ ও গেম: অনলাইন গেম, ভিডিও এডিটিং সফটওয়্যার এবং বিভিন্ন পেশাদার অ্যাপ ইনস্টল করার পাশাপাশি অতিরিক্ত ডেটাও ডাউনলোড করে। ফলে সময়ের সঙ্গে এসব অ্যাপের আকার আরও বড় হতে পারে।
অপারেটিং সিস্টেম ও আপডেট: ফোনের মোট স্টোরেজের একটি অংশ অপারেটিং সিস্টেম, আগে থেকে ইনস্টল করা অ্যাপ এবং প্রয়োজনীয় সিস্টেম ফাইল ব্যবহার করে। নতুন সফটওয়্যার আপডেটের সময়ও অতিরিক্ত জায়গার প্রয়োজন হতে পারে।
ডাউনলোড করা ফাইল: ইন্টারনেট থেকে নামানো ছবি, ভিডিও, পিডিএফ, নথি ও এপিকে ফাইল অনেক সময় ব্যবহার শেষে ফোনে থেকে যায়। একই ফাইল বারবার ডাউনলোড করলেও অতিরিক্ত জায়গা নষ্ট হয়।
ফোনের স্টোরেজ খালি করার ৭ উপায়
স্টোরেজ পরিষ্কার করার আগে কোন ফাইল বা অ্যাপ সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে, তা দেখে নেওয়া ভালো। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসের ‘স্টোরেজ’ এবং আইফোনে ‘আইফোন স্টোরেজ’ অপশনে গেলে এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
১. অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও মুছে ফেলুন
ফোনের গ্যালারিতে থাকা অপ্রয়োজনীয় ছবি, স্ক্রিনশট, ডুপ্লিকেট ছবি ও পুরোনো ভিডিও খুঁজে মুছে ফেলুন। একই দৃশ্যের একাধিক ছবি থাকলে ভালো ছবিটি রেখে বাকিগুলো সরিয়ে দিতে পারেন।
তবে শুধু গ্যালারি থেকে মুছে ফেললেই সব সময় জায়গা খালি হয় না। অনেক ফোনে মুছে ফেলা ফাইল ‘ট্র্যাশ’ বা ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডারে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকে। তাই প্রয়োজনীয় ফাইল নয় নিশ্চিত হওয়ার পর সেখান থেকেও স্থায়ীভাবে মুছে ফেলুন।
২. অ্যাপের ক্যাশ পরিষ্কার করুন
দীর্ঘদিন ব্যবহারের কারণে বিভিন্ন অ্যাপে জমে থাকা ক্যাশ ফাইল ফোনের উল্লেখযোগ্য জায়গা দখল করতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসের ‘অ্যাপস’ অপশনে গিয়ে নির্দিষ্ট অ্যাপ নির্বাচন করুন। এরপর ‘স্টোরেজ’ থেকে ‘ক্লিয়ার ক্যাশ’ নির্বাচন করে অস্থায়ী ফাইল মুছে ফেলতে পারবেন।
তবে ‘ক্লিয়ার ডেটা’ অপশন ব্যবহারে সতর্ক থাকতে হবে। এতে অ্যাপের লগইন তথ্য, সেটিংস ও সংরক্ষিত ডেটা মুছে যেতে পারে। আইফোনে অনেক অ্যাপের ক্যাশ পরিষ্কারের জন্য অ্যাপের নিজস্ব সেটিংস ব্যবহার করতে হয়।
৩. হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের অপ্রয়োজনীয় মিডিয়া সরান
মেসেজিং অ্যাপের মাধ্যমে আসা ছবি, ভিডিও ও নথি অনেক সময় দীর্ঘদিন ফোনে জমে থাকে। হোয়াটসঅ্যাপে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে গিয়ে ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলে কোন ফাইল কত জায়গা নিচ্ছে, তা দেখা যায়।
সেখান থেকে বড় আকারের ভিডিও, অপ্রয়োজনীয় ছবি ও নথি বেছে মুছে ফেলুন। পাশাপাশি স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোডের সুবিধা বন্ধ বা সীমিত রাখুন। এতে প্রতিটি ছবি ও ভিডিও নিজে থেকে ফোনে জমা হবে না।
৪. ব্যবহার না করা অ্যাপ ও গেম আনইনস্টল করুন
ফোনে অনেক সময় এমন অ্যাপ জমে থাকে, যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা হয় না। প্রয়োজন নেই এমন অ্যাপ আনইনস্টল করে দিন। বিশেষ করে বড় আকারের গেম, ভিডিও এডিটিং অ্যাপ এবং একই ধরনের একাধিক অ্যাপ সরিয়ে ফেললে বেশ কিছু জায়গা খালি হতে পারে।
তবে কোনো অ্যাপে গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইল সংরক্ষিত থাকলে সেটি আনইনস্টল করার আগে প্রয়োজনীয় ডেটার ব্যাকআপ রাখুন।
৫. ডাউনলোড ফোল্ডার নিয়মিত পরিষ্কার করুন
ইন্টারনেট থেকে ডাউনলোড করা অনেক ফাইল কাজ শেষ হওয়ার পরও ফোনে পড়ে থাকে। ফাইল ম্যানেজার থেকে ‘ডাউনলোডস’ ফোল্ডার খুলে অপ্রয়োজনীয় পিডিএফ, ছবি, ভিডিও, নথি ও এপিকে ফাইল মুছে ফেলুন।
একই ফাইলের একাধিক কপি থাকলে প্রয়োজনীয়টি রেখে বাকিগুলো সরিয়ে দিন। এতে অল্প সময়েই স্টোরেজে কিছুটা জায়গা তৈরি হবে।
৬. ছবি ও ভিডিও ক্লাউড বা কম্পিউটারে সংরক্ষণ করুন
গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও ফোনে জমিয়ে না রেখে গুগল ফটোস, আইক্লাউড কিংবা অন্য কোনো ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে পারেন। চাইলে কম্পিউটার বা বাহ্যিক স্টোরেজেও ফাইলের ব্যাকআপ রাখা যায়।
তবে ফোন থেকে মূল ছবি বা ভিডিও মুছে ফেলার আগে সেগুলো ঠিকভাবে ব্যাকআপ হয়েছে কি না নিশ্চিত হতে হবে। ক্লাউড সেবাগুলোতে বিনা মূল্যে নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ পাওয়া যায়। এর বেশি জায়গা প্রয়োজন হলে অর্থের বিনিময়ে অতিরিক্ত স্টোরেজ নিতে হতে পারে।
৭. অপরিচিত ক্লিনার অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন
ফোনের স্টোরেজ পরিষ্কার করার জন্য বিভিন্ন থার্ড পার্টি ক্লিনার অ্যাপ পাওয়া যায়। তবে সব অ্যাপ নিরাপদ কিংবা কার্যকর নয়। কিছু অ্যাপ অতিরিক্ত বিজ্ঞাপন দেখাতে পারে, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে কিংবা ভুল করে প্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারে।
তাই অপরিচিত ক্লিনার অ্যাপ ইনস্টল না করে ফোনের নিজস্ব স্টোরেজ ব্যবস্থাপনা সুবিধা ব্যবহার করাই ভালো। এতে অপ্রয়োজনীয় ঝুঁকি ছাড়াই ফোনের জায়গা পরিষ্কার রাখা সম্ভব।
নিয়মিত অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও মুছে ফেলা, অ্যাপের ক্যাশ পরিষ্কার রাখা, ডাউনলোড ফোল্ডার পরীক্ষা করা এবং গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ নেওয়ার অভ্যাস গড়ে তুললে স্টোরেজ পূর্ণ হওয়ার সমস্যা অনেকটাই কমানো যায়। এতে নতুন ছবি তোলা, প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার কিংবা গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণের জন্য ফোনে পর্যাপ্ত জায়গা রাখা সহজ হবে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!