নিজের কণ্ঠ ছাড়াই তৈরি করুন এআই ভয়েসওভার, অনুসরণ করুন ৬ ধাপ
ভিডিওতে ভয়েসওভার যোগ করা, লিখিত বক্তব্যকে অডিওতে রূপান্তর কিংবা কনটেন্টের জন্য কণ্ঠ তৈরি—এখন এসব কাজ সহজেই করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে। নিজের কণ্ঠ রেকর্ড না করেও তৈরি করা সম্ভব মানুষের মতো স্বাভাবিক শোনায় এমন ভয়েস। এ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ‘ElevenLabs: AI Voice Generator’ অ্যাপ। স্মার্টফোনে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই পছন্দের লেখা থেকে তৈরি করা যাবে অডিও।
যেভাবে তৈরি করবেন এআই ভয়েসওভার
ধাপ ১: অ্যাপ ইনস্টল করুন
প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গুগল প্লে স্টোরে প্রবেশ করুন। সার্চ বক্সে ‘ElevenLabs: AI Voice Generator’ লিখে অ্যাপটি খুঁজে ইনস্টল করুন। ইনস্টলেশন শেষ হলে অ্যাপটি চালু করে প্রয়োজনীয় অনুমতি দিন।
ধাপ ২: Text to Speech নির্বাচন করুন
অ্যাপের মূল পেজে প্রবেশ করার পর ‘Text to Speech’ অপশনটি নির্বাচন করুন। এই ফিচারের মাধ্যমে যেকোনো লিখিত বক্তব্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কণ্ঠে রূপান্তর করা যায়।
ধাপ ৩: উপযুক্ত ভয়েস মডেল বেছে নিন
‘Text to Speech’ পেজের নিচের দিকে বাম পাশে থাকা সেটিংস বা গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর ‘Model’ অপশন থেকে পছন্দের ভয়েস মডেল নির্বাচন করুন। নির্দেশনা অনুযায়ী, পুরোনো ‘v2’ বা ‘v2.5’-এর পরিবর্তে ‘v3’ অথবা অ্যাপের সর্বশেষ মডেল ব্যবহার করা যেতে পারে। মডেল নির্বাচন শেষে ‘Apply’ বাটনে ক্লিক করে সেটিংস সংরক্ষণ করুন। তবে অ্যাপের সংস্করণভেদে মডেলের নাম ও অবস্থানে পরিবর্তন থাকতে পারে।
ধাপ ৪: পছন্দের কণ্ঠ নির্বাচন করুন
এবার আগের পেজে ফিরে ভয়েস নির্বাচনের অপশনে প্রবেশ করুন। সার্চ বক্সে ইংরেজিতে ‘Bunty’ লিখে খুঁজুন। তালিকায় ‘Bunty Punchy’ পাওয়া গেলে সেটি নির্বাচন করে ‘Select Voice’ বাটনে চাপ দিন। এর ফলে নির্বাচিত কণ্ঠটি অডিও তৈরির জন্য নির্ধারিত হবে।
ধাপ ৫: লেখা যুক্ত করে ভয়েস তৈরি করুন
যে লেখাটিকে অডিওতে রূপান্তর করতে চান, সেটি নির্দিষ্ট টেক্সট বক্সে লিখুন। আগে থেকে লেখা প্রস্তুত থাকলে কপি করে পেস্ট করেও যুক্ত করতে পারবেন। এরপর ভয়েস জেনারেট করার বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করলেই তৈরি হবে অডিও। ভয়েসটি ব্যবহারের আগে শুনে উচ্চারণ, শব্দের স্পষ্টতা ও স্বাভাবিকতা যাচাই করে নেওয়া ভালো।
ধাপ ৬: অডিও ডাউনলোড করুন
তৈরি হওয়া ভয়েস পছন্দ হলে স্ক্রিনে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করুন। অ্যাপে উপলভ্য ফরম্যাট থেকে প্রয়োজনীয়টি নির্বাচন করে অডিও ফাইলটি স্মার্টফোনে সংরক্ষণ করুন। পরে ভিডিও এডিটিং অ্যাপের সাহায্যে এই অডিও ভিডিও, রিলস কিংবা অন্যান্য ডিজিটাল কনটেন্টে যুক্ত করা যাবে।
ব্যবহারের আগে কয়েকটি বিষয় জেনে নিন
অ্যাপের সংস্করণ ও ইন্টারফেসের পরিবর্তনের কারণে বিভিন্ন অপশনের নাম বা অবস্থানে সামান্য পার্থক্য দেখা যেতে পারে। এ ছাড়া বিনা মূল্যের ও প্রিমিয়াম অ্যাকাউন্টে ভয়েস তৈরির সীমা এবং ডাউনলোড সুবিধাও একরকম নয়।
নির্দিষ্ট কোনো ভয়েস বা মডেল সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। তাই কাজ শুরুর আগে অ্যাপে থাকা ভয়েস, মডেল এবং ব্যবহারের সীমা যাচাই করে নেওয়া প্রয়োজন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!