সেন্ট মার্টিন যাওয়ার আগে যা জানবেন
সেন্ট মার্টিন ভ্রমণের আগে যে বিষয়গুলো জানা জরুরি
নীল জলরাশি, প্রবাল পাথর আর মনোরম সমুদ্রসৈকতের টানে প্রতিবছরই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়ার পাশাপাশি শুরু হয়েছে জাহাজ চলাচলও। ফলে ভ্রমণপ্রেমীরা এখন সেন্ট মার্টিনে যাওয়ার পাশাপাশি সেখানে রাত কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে দ্বীপে যাওয়ার পরিকল্পনা করলেই হবে না, ভ্রমণ নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
আগেই জাহাজের টিকিট নিশ্চিত করুন
সেন্ট মার্টিন ভ্রমণের তারিখ নির্ধারণের পর প্রথম কাজ হওয়া উচিত জাহাজের টিকিট সংগ্রহ করা। শেষ মুহূর্তে টিকিটের সংকট এড়াতে আগেভাগেই বুকিং দেওয়া ভালো। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট, গ্রাহকসেবা নম্বর কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। বুকিংয়ের আগে যাত্রার তারিখ, সময় ও আসনের প্রাপ্যতা যাচাই করে নিন।
কোন কোন জাহাজে যেতে পারবেন
ভ্রমণের পরিকল্পনা করার আগে চলতি মৌসুমে কোন কোন জাহাজ সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি পেয়েছে, তা জেনে নেওয়া জরুরি। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী জাহাজগুলোর মধ্যে রয়েছে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১, এমভি বারো আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ। তবে মৌসুম ও সরকারি অনুমোদনের ভিত্তিতে জাহাজ চলাচলের তালিকায় পরিবর্তন আসতে পারে।
জাহাজের ভাড়া কত
জাহাজের টিকিটের দাম নির্ভর করে আসনের ধরন ও সুযোগ-সুবিধার ওপর। সাধারণ আসন থেকে শুরু করে বিজনেস চেয়ার, মোজার্ট চেয়ার, বেড ও কেবিন—বিভিন্ন শ্রেণির টিকিট পাওয়া যায়। যাওয়া-আসার টিকিটের ভাড়া প্রায় ৩ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তাই টিকিট কেনার আগে আসনের ধরন, ভাড়া এবং যাওয়া-আসার সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ট্রাভেল পাস সংগ্রহের নিয়ম
সেন্ট মার্টিন ভ্রমণের জন্য পর্যটকদের ট্রাভেল পাস থাকা বাধ্যতামূলক। তবে এ নিয়ে আলাদাভাবে নিবন্ধনের ঝামেলা নেই। জাহাজের টিকিট বুকিংয়ের সময় প্রয়োজনীয় নিবন্ধন ও ট্রাভেল পাসসংক্রান্ত প্রক্রিয়া জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে সম্পন্ন করে থাকে। তাই টিকিট বুকিংয়ের সময় ট্রাভেল পাসের বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়া উচিত।
আগেই বুকিং দিন হোটেল বা রিসোর্ট
সেন্ট মার্টিনে পর্যটকদের থাকার জন্য রয়েছে অসংখ্য হোটেল, রিসোর্ট ও কটেজ। দ্বীপে পৌঁছে থাকার জায়গা খোঁজার পরিবর্তে ভ্রমণের আগেই আবাসন নিশ্চিত করা ভালো। এতে দ্বীপে পৌঁছানোর পর সময় নষ্ট হবে না, পাশাপাশি পছন্দ অনুযায়ী থাকার জায়গাও বেছে নেওয়া যাবে।
আবাসনের ধরন ও সুযোগ-সুবিধা অনুযায়ী রিসোর্টের ভাড়া ভিন্ন হয়ে থাকে। ভালো মানের হোটেল ও রিসোর্টে এক রাতের ভাড়া ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। মাঝারি মানের আবাসনের জন্য ৪ থেকে ৬ হাজার টাকা এবং তুলনামূলক কম খরচে থাকতে ইকোনমি হোটেল বা রিসোর্টে ১ হাজার ৫০০ থেকে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে কক্ষ পাওয়া যেতে পারে। বুকিংয়ের আগে হোটেলের ওয়েবসাইট বা যোগাযোগ নম্বর থেকে ভাড়া, সুযোগ-সুবিধা ও বিশেষ ছাড়ের তথ্য জেনে নিন।
ভ্রমণে যাওয়ার আগে যেসব বিষয় মনে রাখবেন
সেন্ট মার্টিন শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকা। তাই ভ্রমণের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্বও পর্যটকদের নিতে হবে। যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন—
-
প্রত্যেক পর্যটকের জন্য নির্ধারিত ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।
-
পরিচয় নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখুন।
-
দ্বীপে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলুন।
-
সৈকতে উচ্চ শব্দে গান বাজানো বা রাতভর অতিরিক্ত আলো জ্বালানো থেকে বিরত থাকুন।
-
সৈকতে বারবিকিউ পার্টি আয়োজন করে পরিবেশের ক্ষতি করবেন না।
-
সৈকতে মোটরচালিত যানবাহন ব্যবহার না করে প্রয়োজনে বাইসাইকেল ব্যবহার করুন।
-
প্রবাল, সামুদ্রিক প্রাণী ও প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি করবেন না।
সেন্ট মার্টিন ভ্রমণ হতে পারে দারুণ এক অভিজ্ঞতা। তবে সেই অভিজ্ঞতাকে সুন্দর ও নির্বিঘ্ন করতে প্রয়োজন আগাম পরিকল্পনা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ। নিজের আনন্দের পাশাপাশি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতন থাকলেই ভবিষ্যৎ পর্যটকদের জন্যও সেন্ট মার্টিনের সৌন্দর্য অক্ষুণ্ন রাখা সম্ভব।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!