নকল ক্যাপচায় ম্যালওয়্যারের ফাঁদ!
‘আমি রোবট নই’ প্রমাণ করতে গিয়ে বিপদে পড়ছেন না তো?
অনলাইনে কোনো ওয়েবসাইটে প্রবেশ, টিকিট বুকিং কিংবা বিল পরিশোধ করতে গেলেই প্রায়ই একটি পরিচিত বার্তা চোখে পড়ে—‘আই অ্যাম নট আ রোবট’। নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করতে কখনো একটি বাক্সে টিক চিহ্ন দিতে হয়, আবার কখনো নির্দিষ্ট ছবি নির্বাচন, অক্ষর বা সংখ্যা শনাক্ত কিংবা সহজ গাণিতিক হিসাব সমাধান করতে হয়। অনলাইন জগতে নিরাপত্তা নিশ্চিত করার এই পদ্ধতির নাম ক্যাপচা (CAPTCHA)। তবে সাইবার অপরাধীরা এখন এই পরিচিত ব্যবস্থাকেই প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
ক্যাপচা কী এবং কেন ব্যবহার করা হয়?
ক্যাপচা মূলত এমন একটি নিরাপত্তাব্যবস্থা, যার মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশকারী ব্যবহারকারী মানুষ নাকি স্বয়ংক্রিয় সফটওয়্যার বা বট, তা যাচাই করা হয়। অননুমোদিত বটের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি, তথ্য চুরি কিংবা ওয়েবসাইটে অস্বাভাবিক কার্যক্রম পরিচালনা ঠেকাতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।
অনেক সময় ব্যবহারকারীকে নির্দিষ্ট কিছু ছবি নির্বাচন করতে বলা হয়। যেমন—ট্রাফিক লাইট, বাস, সাইকেল কিংবা সড়কসংক্রান্ত ছবি চিহ্নিত করা। আবার কখনো বিকৃত অক্ষর ও সংখ্যা পড়ে লিখতে হয়। এসব পরীক্ষার উদ্দেশ্য হলো স্বয়ংক্রিয় বটের পরিবর্তে প্রকৃত মানুষ ওয়েবসাইটটি ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করা।
নকল ক্যাপচা দিয়ে যেভাবে প্রতারণা
সাইবার অপরাধীরা এখন আসল ক্যাপচার মতো দেখতে ভুয়া ক্যাপচা তৈরি করে ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলছে। পরিচিত ও জনপ্রিয় ওয়েবসাইটের আদলে নকল পোর্টাল তৈরি করে সেখানে ক্যাপচা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়। ব্যবহারকারী সেটিকে আসল ভেবে নির্দেশনা অনুসরণ করলেই বিপদে পড়তে পারেন।
কিছু ভুয়া ক্যাপচা ব্যবহারকারীকে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে কম্পিউটারে কোনো কমান্ড চালানো, ফাইল ডাউনলোড কিংবা ক্ষতিকর কোড কপি করে পেস্ট করতে বলে। এসব নির্দেশনা অনুসরণ করলে ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা চুরি হওয়ার আশঙ্কা থাকে।
কীভাবে প্রতারণার ফাঁদে ফেলা হয়?
ব্যবহারকারীদের নকল ক্যাপচা পোর্টালে নিয়ে যেতে সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে। এর মধ্যে রয়েছে—
-
পরিচিত ওয়েবসাইটের মতো দেখতে ভুয়া ওয়েবপেজ তৈরি করা।
-
সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন ও সন্দেহজনক লিংক ছড়িয়ে দেওয়া।
-
ভুয়া ই-মেইলের মাধ্যমে ব্যবহারকারীকে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করানো।
-
বিনামূল্যে পুরস্কার, বিশেষ অফার কিংবা জরুরি পরিষেবার প্রলোভন দেখানো।
-
ক্যাপচা যাচাইয়ের নামে ব্যবহারকারীকে ক্ষতিকর নির্দেশনা অনুসরণে বাধ্য করা।
বিশেষ করে পরিচিত কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মতো দেখতে হলেই সেটিকে আসল মনে করা উচিত নয়। ওয়েবসাইটের ঠিকানা ভালোভাবে যাচাই করা জরুরি।
নকল ক্যাপচা থেকে নিরাপদ থাকবেন যেভাবে
অনলাইনে ক্যাপচা দেখলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কিছু সতর্কতা মেনে চললে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
1. কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন।
2. অপরিচিত লিংক, বিজ্ঞাপন কিংবা ই-মেইলে দেওয়া লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
3. ক্যাপচা যাচাইয়ের নামে কম্পিউটারে কোনো কমান্ড কপি-পেস্ট বা চালানোর নির্দেশ দিলে তা অনুসরণ করবেন না।
4. অপরিচিত ওয়েবসাইট থেকে কোনো ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করবেন না।
5. ডিভাইসে নিয়মিত নিরাপত্তা আপডেট ও নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
6. অনলাইনে ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড কিংবা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ওয়েবসাইটের সত্যতা নিশ্চিত করুন।
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীদের প্রতারণার কৌশলও বদলাচ্ছে। যে ক্যাপচা একসময় অনলাইন নিরাপত্তার জন্য তৈরি হয়েছিল, সেটিই এখন প্রতারণার হাতিয়ার হয়ে উঠতে পারে। তাই অনলাইনে নিজেকে মানুষ প্রমাণ করার আগে নিশ্চিত হওয়া জরুরি, আপনি আসলেই কোনো বিশ্বস্ত ওয়েবসাইটে আছেন কি না।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!