Dark Mode
Image
  • Monday, 23 November 2026
১৭০ বছরের গণিত রহস্য সমাধানের দাবি, আলোচনায় এআই ক্লড

১৭০ বছরের গণিত রহস্য সমাধানের দাবি, আলোচনায় এআই ক্লড

 

১৭০ বছরের অমীমাংসিত গণিতের রহস্য ভাঙার দাবি, সহায়তায় এআই ক্লড

প্রায় ১৭০ বছর ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত থাকা ‘রিমান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক কর্মী। গণিতবিদ লেভেন্ট আলপোগের দাবি, অ্যানথ্রপিকের এআই চ্যাটবট ক্লডের সহায়তায় টানা ছয় সপ্তাহের প্রচেষ্টায় তিনি এই জটিল সমস্যার বিস্তারিত গাণিতিক প্রমাণ তৈরি করেছেন। তবে তাঁর উপস্থাপিত প্রমাণ এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তাই সত্যিই এই সমস্যার সমাধান হয়েছে কি না, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হচ্ছে গণিত বিশেষজ্ঞদের।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই দাবির কথা জানান আলপোগে। তিনি জানান, অ্যানথ্রপিকের এমন একটি ক্লড সংস্করণ ব্যবহার করেছেন, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নয়। তাঁর তৈরি প্রমাণের পূর্ণাঙ্গ পাঠ্য লেখা হয়েছে ‘লিন’ নামের গাণিতিক প্রমাণ যাচাইয়ের বিশেষ কম্পিউটার ভাষায়। এর দৈর্ঘ্য ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠারও বেশি।

তবে এত বড় প্রমাণ তৈরি হওয়াই এর যথার্থতা নিশ্চিত করে না। বিখ্যাত গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটি সঠিক কি না, তা যাচাই করতে আরও সময় প্রয়োজন।

কী এই রিমান হাইপোথিসিস?

জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমানের নাম অনুসারে ১৮৫৯ সালে এই গাণিতিক অনুমানটি উত্থাপিত হয়। এটি মূলত মৌলিক সংখ্যার বণ্টন ও বিন্যাসের সঙ্গে সম্পর্কিত। মৌলিক সংখ্যা হলো এমন স্বাভাবিক সংখ্যা, যেগুলো ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। যেমন—২, ৩, ৫, ৭ ও ১১।

সংখ্যাতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমস্যায় রিমানের জিটা ফাংশনের অশূন্য শূন্যগুলোর অবস্থান নিয়ে একটি অনুমান করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্বের গণিতবিদেরা এর সত্যতা প্রমাণের চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ প্রমাণ পাওয়া যায়নি।

রিমান হাইপোথিসিসের সমাধান পাওয়া গেলে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গণিতবিদদের ধারণা আরও সুস্পষ্ট হতে পারে। পাশাপাশি সংখ্যাতত্ত্ব ও উচ্চতর গণিতের বিভিন্ন ক্ষেত্রে নতুন গবেষণার পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গাণিতিক গবেষণায় বাড়ছে এআইয়ের ভূমিকা

জটিল গাণিতিক সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত সেপ্টেম্বরে ওপেনএআই দাবি করেছিল, তাদের কর্মীরা এআইয়ের সহায়তায় নাভিয়ের-স্টোকস সমীকরণসংক্রান্ত একটি জটিল সমস্যার অংশবিশেষ মাত্র ৮৮ ঘণ্টায় সমাধান করেছেন। তবে সেই প্রমাণও এখনো বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হয়নি।

এ ছাড়া আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যায় সমাধান কিংবা উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে ওপেনএআই। এসব ঘটনা গবেষণার কাজে এআইয়ের সম্ভাবনা নিয়ে আগ্রহ বাড়ালেও একই সঙ্গে তৈরি হয়েছে যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তা।

এআইয়ের সাফল্যের দাবি নিয়ে সতর্ক গণিতবিদেরা

এআই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জটিল গাণিতিক সমস্যা সমাধানের দাবি সামনে আসায় গণিতবিদদের একটি অংশ সতর্ক অবস্থান নিয়েছেন। তাঁদের আশঙ্কা, বাণিজ্যিক পণ্যের সক্ষমতা প্রচারের জন্য যাচাই না হওয়া গবেষণার ফলাফলকে বড় সাফল্য হিসেবে তুলে ধরা হলে তা গণিতচর্চার জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গণিতে কোনো সমস্যার সমাধান দাবি করলেই তা গ্রহণযোগ্য হয়ে যায় না। প্রমাণের প্রতিটি ধাপ যৌক্তিক ও নির্ভুল কি না, তা অন্য বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই হওয়া জরুরি। বিশেষ করে রিমান হাইপোথিসিসের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে এই যাচাই আরও গুরুত্বপূর্ণ।

আলপোগের তৈরি প্রমাণ বিশেষজ্ঞদের পরীক্ষায় সঠিক বলে স্বীকৃতি পেলে তা গণিত গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে স্বাধীন যাচাই শেষ না হওয়া পর্যন্ত ১৭০ বছরের পুরোনো রিমান হাইপোথিসিসের সমাধান হয়ে গেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

 

 

Comment / Reply From