Dark Mode
Image
  • Tuesday, 16 June 2026
রেস্টুরেন্ট নয়, ঘরেই বানান মজাদার কোরিয়ান স্পাইসি রামেন

রেস্টুরেন্ট নয়, ঘরেই বানান মজাদার কোরিয়ান স্পাইসি রামেন

বর্তমানে কোরিয়ান খাবারের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বিশেষ করে ঝাল স্বাদের কোরিয়ান স্পাইসি রামেন তরুণদের অন্যতম পছন্দের খাবার। বাইরে থেকে অর্ডার না করে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু এই খাবারটি।

চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কোরিয়ান স্টাইলে স্পাইসি রামেন তৈরির সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

নুডলস

  • ইনস্ট্যান্ট নুডলস ১ প্যাকেট
  • নুডলসের সঙ্গে থাকা মসলা

মাংস ও ডিম

  • সেদ্ধ মুরগির মাংস কুচি আধা কাপ
  • ডিম ২টি

সবজি

  • গাজর কুচি ১টি
  • মাশরুম স্লাইস ১টি
  • পেঁয়াজ কলি কুচি ২টি
  • কচি পালং শাক বা পুঁইশাক আধা কাপ

সস ও মসলা

  • সয়া সস আধা চা-চামচ
  • চিলি সস ১ চা-চামচ
  • চিলি ফ্লেক্স আধা চা-চামচ
  • গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো

অন্যান্য উপকরণ

  • তেল ২ টেবিল চামচ
  • পানি ২ কাপ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কলি, গাজর ও মাশরুম হালকা করে ভেজে নিন।

এরপর সেদ্ধ করা মুরগির মাংস যোগ করুন। এখন সয়া সস, চিলি সস, চিলি ফ্লেক্স এবং নুডলসের মসলাগুলো দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট নেড়ে ভেজে নিন।

মসলা ভালোভাবে মিশে গেলে দুই কাপ পানি ও প্রয়োজনমতো লবণ দিন। পানি ফুটে উঠলে নুডলস ভেঙে না দিয়ে আস্ত অবস্থায় প্যানে বসিয়ে দিন। একই সঙ্গে একপাশে শাকগুলো দিয়ে দিন।

রামেনের আসল সৌন্দর্য বজায় রাখতে এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করবেন না।

এবার প্যানের অন্য পাশে একটি কাঁচা ডিম আলতোভাবে ভেঙে দিন। ফুটন্ত স্যুপের পানি চামচ দিয়ে ডিমের ওপর ছিটিয়ে দিন, যাতে ডিমটি সুন্দরভাবে সেদ্ধ হয় এবং ভেঙে না যায়।

নুডলস কিছুটা নরম হয়ে এলে আলতো করে উল্টে দিন। তবে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফেলবেন না। চুলার আঁচ কমিয়ে রাখুন, যাতে স্যুপ শুকিয়ে না যায়।

নুডলস ও ডিম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন।

এরপর একটি বড় পরিবেশন বাটিতে রামেন তুলে নিন। সবশেষে আগে থেকে সেদ্ধ করে রাখা আরেকটি ডিম অর্ধেক করে কেটে সাজিয়ে দিন। সঙ্গে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি যোগ করলে স্বাদ আরও বেড়ে যাবে।

গরম গরম পরিবেশন করুন ঘরে তৈরি কোরিয়ান স্পাইসি রামেন।

Comment / Reply From