Dark Mode
Image
  • Saturday, 28 March 2026
৩০ কেজির পোপা মাছ সাড়ে ১০ লাখে

৩০ কেজির পোপা মাছ সাড়ে ১০ লাখে

বঙ্গোপসাগরে ধরা পড়া একটি বিশাল আকারের কালো পোপা মাছ বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে। প্রায় ৩০ কেজি ওজনের এই মাছটি শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকায়, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিবপাড়ার বাসিন্দা সৈয়দ আহমদের ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি টেকনাফের বাহারছড়া ঘাটে নিয়ে আসা হলে প্রথমে মাছটির দাম হাঁকা হয় সাড়ে ৭ লাখ টাকা।

পরবর্তীতে মাছ ব্যবসায়ী আলী আহমদ ৭ লাখ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি এটি কক্সবাজার ফিশারিজ ঘাটে নিয়ে গিয়ে ব্যবসায়ী সুলতান আহমদের কাছে সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন। জানা গেছে, মাছটি চট্টগ্রাম ফিশারিজ ঘাটে নেওয়া হবে।

মৎস্য ব্যবসায়ীদের মতে, কালো পোপা মাছের এত উচ্চমূল্যের পেছনে রয়েছে এর বায়ুথলি। বিশেষ করে পুরুষ প্রজাতির পোপা মাছের বায়ুথলি বড় ও মোটা হয়, যা দিয়ে উচ্চমানের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। আন্তর্জাতিক বাজারে এর চাহিদা থাকায় এই মাছের দামও তুলনামূলক বেশি।

ব্যবসায়ী আলী আহমদ জানান, মাছটির বায়ুথলির ওজন প্রায় ৯০০ গ্রাম হতে পারে। এ কারণেই মাছটির দাম এত বেশি পাওয়া গেছে।

এদিকে, মাছটি ঘাটে আনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। বাহারছড়া ঘাটে মাছটি দেখতে ভিড় জমায় বহু মানুষ।

Comment / Reply From