Dark Mode
Image
  • Tuesday, 10 February 2026
অনশন ভাঙাতে কেন দেওয়া হয় ডাবের পানি? জানুন যুক্তিসংগত কারণ

অনশন ভাঙাতে কেন দেওয়া হয় ডাবের পানি? জানুন যুক্তিসংগত কারণ

দাবি আদায়ের আন্দোলনে মানুষ নানা ধরনের কর্মসূচি পালন করে থাকেন। কখনও তা হয় সভা-সমাবেশ, কখনও ধর্মঘট, আবার কখনও সবচেয়ে শান্তিপূর্ণ পদ্ধতি—আমরণ অনশন। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজও বিভিন্ন দাবিদাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

আমরণ অনশনে অন্যের কোনও ক্ষতি না হলেও অনশনকারী নিজেই ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে দেখা দেয় নানা জটিলতা। তাই পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই কর্তৃপক্ষ সাধারণত দাবি পূরণের আশ্বাস দিয়ে অনশন ভাঙানোর উদ্যোগ নেয়।

এক্ষেত্রে একটি বিষয় প্রায়শই চোখে পড়ে—অনশন ভাঙাতে প্রথমেই অনশনকারীকে খাওয়ানো হয় ডাবের পানি। অনেক সময় ফলের জুসও দেওয়া হয়। কিন্তু কেন ডাবের পানিকেই দেওয়া হয় অগ্রাধিকার?

দীর্ঘ সময় না খেলে শরীরে কী ঘটে?

পুষ্টিবিদদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে একাধিক নেতিবাচক প্রভাব পড়ে। শুরুতে অ্যাসিডিটি, মাথা ঘোরা ও ক্লান্তি দেখা দেয়। ধীরে ধীরে রক্তচাপ কমে যেতে পারে, পেশি ক্ষয় শুরু হয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।

অনেকদিন না খেলে হজমশক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, হজমের এনজাইম কমে আসে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ধীর হয়ে যায়। এর ফলে খাবার গ্রহণ করলেও শরীর তা সহজে গ্রহণ করতে পারে না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার আশঙ্কাও থাকে।

ডাবের পানির গুণাগুণ কী?

ডাবের পানি প্রাকৃতিকভাবে শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি—যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। দীর্ঘ অনশনের পর শরীর পানিশূন্য হয়ে পড়লে ডাবের পানি দ্রুত ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে।

এছাড়া ডাবের পানিতে থাকা ফাইবার পাচনতন্ত্রকে সক্রিয় করতে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়ায়, অ্যাসিডিটি কমায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। ডাবের পানির ডাই-ইউরেটিক উপাদান শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রতিরোধেও ভূমিকা রাখে।

তাহলে অনশন ভাঙাতে ডাবের পানি কেন?

দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে যখন হজমশক্তি দুর্বল হয়ে পড়ে, তখন হঠাৎ ভারী খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ডাবের পানি হালকা, সহজপাচ্য এবং পাচনতন্ত্রকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অনশন ভাঙাতে ডাবের পানিকেই সবচেয়ে নিরাপদ ও কার্যকর বিকল্প হিসেবে ধরা হয়।

Comment / Reply From