ঈদের আগে টুপি–আতর কিনবেন? জেনে নিন বাজারদর
ঈদ সামনে এলেই নতুন পোশাকের পাশাপাশি অনেকে কেনেন টুপি, আতর, তসবিহ ও জায়নামাজ। এসব ধর্মীয় সামগ্রীর অন্যতম বড় বাজার ঢাকার বায়তুল মোকাররম মার্কেট। পবিত্র রমজান মাসে এখানে ক্রেতাদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো।
মসজিদের দক্ষিণ গেটসংলগ্ন দোকানগুলোতে প্রায় একশ দোকানে পাওয়া যায় নানা ধরনের টুপি, আতর, তসবিহ ও জায়নামাজ। ঈদের কেনাকাটার পাশাপাশি অনেকেই এই মার্কেটে এসে ধর্মীয় সামগ্রী কিনে থাকেন।
উত্তরা থেকে আসা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী সাহিল আহমেদও ব্যক্তিগত কাজ শেষে এখানে এসেছিলেন মায়ের জন্য জায়নামাজ ও তসবিহ কিনতে। একটি দোকানে জায়নামাজ দেখার সময় তিনি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠান মাকে। মায়ের পছন্দ অনুযায়ী তিনি পশমি কাপড়ে তৈরি একটি পুরু জায়নামাজ ও সোনালি রঙের তসবিহ কেনেন।
জায়নামাজ
বাজারে বিভিন্ন রং ও নকশার দেশি-বিদেশি জায়নামাজ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি জায়নামাজ ছাড়াও ভারত, তুরস্ক, চীন, পাকিস্তান ও বেলজিয়ামে তৈরি জায়নামাজ বিক্রি হচ্ছে। বুনন, কাপড়ের মান ও নকশার ওপর নির্ভর করে দাম নির্ধারিত হয়।
দেশি জায়নামাজের দাম শুরু প্রায় ১৫০ টাকা থেকে। আর বিদেশি জায়নামাজ পাওয়া যায় প্রায় সাড়ে তিনশ থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে।
এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’–এ পরিবেশবান্ধব পাট দিয়ে তৈরি হাতে বোনা জায়নামাজ পাওয়া যাচ্ছে। এর দাম প্রায় ২ হাজার ৮০০ টাকা।
আতর
বাজারে দেশি আতরের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা বিভিন্ন ধরনের আতর পাওয়া যায়। জনপ্রিয় আতরের মধ্যে রয়েছে জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস, শাইখা, হাজরে আসওয়াদ, অ্যাম্বার, কস্তুরী, সুলতান, উদ, কিং হোয়াইট ও আল-ফারেজ।
দেশি আতরের ৬ মিলিলিটারের দাম প্রায় ১২০ থেকে ২০০ টাকা। বিদেশি আতরের ক্ষেত্রে ৩ মিলিলিটার বোতলের দাম শুরু হয় প্রায় ২০০ টাকা থেকে। কিছু উচ্চমানের আতরের দাম ৩ হাজার টাকা পর্যন্তও হতে পারে।
তসবিহ
তসবিহের ক্ষেত্রেও রয়েছে নানা বৈচিত্র্য। পাথর, চন্দন কাঠ, জয়তুন কাঠ, ক্রিস্টাল দানা, প্লাস্টিক এমনকি বিভিন্ন বিশেষ উপাদান দিয়ে তৈরি তসবিহও বাজারে পাওয়া যায়।
বাজারে ৩৩, ১০০, ৫০০ ও ১ হাজার দানার তসবিহ রয়েছে। মান ও উপাদানের ওপর ভিত্তি করে দাম পড়ে ১০০ টাকা থেকে শুরু করে প্রায় এক লাখ টাকা পর্যন্ত।
সাম্প্রতিক সময়ে ডিজিটাল তসবিহও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব তসবিহ ৬০ থেকে প্রায় সাড়ে তিনশ টাকার মধ্যে পাওয়া যায় এবং এতে ৯ হাজার ৯৯৯ পর্যন্ত গণনার সুবিধা থাকে।
টুপি
বাজারে দেশি টুপির পাশাপাশি ভারত, তুরস্ক, মালয়েশিয়া, আফগানিস্তান ও পাকিস্তানে তৈরি টুপিও পাওয়া যায়।
সাধারণ সুতি কাপড়ের বোনা টুপির দাম ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই পাওয়া যায়। আর উন্নত মানের টুপির দাম ২০ টাকা থেকে শুরু করে প্রায় দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে।
কোথায় পাওয়া যাবে
ঢাকার বিভিন্ন বাজার ও শপিং কমপ্লেক্সে এসব ধর্মীয় সামগ্রী সহজেই পাওয়া যায়। যেমন— বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, কাঁটাবন, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, চকবাজার, লালবাগ, রামপুরা, উত্তরা, বনানী ও মিরপুর এলাকায় এসব পণ্যের দোকান রয়েছে।
এ ছাড়া শহরের বিভিন্ন মসজিদ প্রাঙ্গণ ও ঈদ উপলক্ষে আয়োজিত মেলাতেও পাওয়া যায় টুপি, তসবিহ, আতর ও জায়নামাজ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!