Dark Mode
Image
  • Wednesday, 10 June 2026
৫০ হাজার টাকায় হরিণ বিক্রি করবে রাসিক

৫০ হাজার টাকায় হরিণ বিক্রি করবে রাসিক

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনে ধারণক্ষমতার চেয়ে বেশি হরিণ থাকায় অতিরিক্ত হরিণ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রতিটি হরিণ ৫০ হাজার টাকায় বিক্রি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাসিক সূত্রে জানা গেছে, বর্তমানে উদ্যানটিতে হরিণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বন বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতিটি হরিণের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা প্রয়োজন হলেও বিদ্যমান অবকাঠামোয় সেই মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এ কারণে অতিরিক্ত হরিণ অন্যত্র হস্তান্তর বা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাসিকের ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন জানান, উদ্যানের প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে হরিণের জন্য সেড রয়েছে, যেখানে সর্বোচ্চ ৮০ থেকে ৮৫টি হরিণ রাখার সুযোগ আছে। কিন্তু বর্তমানে সেখানে ১২৯টি হরিণ রয়েছে। ফলে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে চাপ তৈরি হওয়ায় অতিরিক্ত হরিণ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বন বিভাগের অনুমোদন পাওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে হরিণ বিক্রি করা হবে। তবে ক্রেতার অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে এবং যাচাই-বাছাই শেষে হস্তান্তরের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, বিক্রি করা হরিণ কোনোভাবেই জবাই করা যাবে না; শুধুমাত্র লালন-পালনের উদ্দেশ্যেই রাখতে হবে।

এদিকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনকে ‘বার্ড পার্ক’ বা পাখির অভয়ারণ্যে রূপান্তরের পরিকল্পনাও হাতে নিয়েছে রাসিক। প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পুরো এলাকাকে আধুনিক পাখিভিত্তিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

পরিকল্পনার আওতায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি সংযোজন, নিরাপদ আবাসস্থল নির্মাণ, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহীর পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Comment / Reply From