কেন একই মগেই চা–কফি খান?
অনেক মগ থাকলেও কেন বারবার একই মগে চা–কফি খান? জানুন মনোবিজ্ঞানের ব্যাখ্যা
ঘরে একাধিক কাপ বা মগ থাকলেও অনেকেই প্রতিদিন চা কিংবা কফি পান করার জন্য অজান্তেই একই মগটি বেছে নেন। নতুন, সুন্দর বা দামী মগ থাকলেও সেই পুরোনো প্রিয় মগটির প্রতিই যেন বেশি টান অনুভব করেন। এটি শুধুই অভ্যাস নয়, বরং এর পেছনে রয়েছে মানুষের মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা।
মনোবিজ্ঞানীদের মতে, এই আচরণের সঙ্গে মূলত দুটি মনস্তাত্ত্বিক প্রভাব জড়িত— এনডাউমেন্ট ইফেক্ট (Endowment Effect) এবং মিয়ার এক্সপোজার ইফেক্ট (Mere Exposure Effect)। এই দুটি কারণই একটি সাধারণ মগকে সময়ের সঙ্গে আমাদের কাছে বিশেষ করে তোলে।
নিজের জিনিসের প্রতি বাড়তি টান
১৯৯০ সালে নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যান, অর্থনীতিবিদ জ্যাক নেটশ ও রিচার্ড থ্যালারের এক গবেষণায় অংশগ্রহণকারীদের হাতে একটি কফির মগ দেওয়া হয়।
পরে যাদের কাছে মগটি ছিল, তাদের জিজ্ঞেস করা হয় সেটি বিক্রি করতে কত টাকা চাইবেন। অন্যদিকে যাদের কাছে মগটি ছিল না, তাদের একই মগ কিনতে কত টাকা দিতে রাজি, তা জানতে চাওয়া হয়।
গবেষণায় দেখা যায়, যাদের কাছে মগটি ছিল তারা সেটি ছাড়তে তুলনামূলক অনেক বেশি মূল্য দাবি করেন। অর্থাৎ কোনো বস্তু নিজের হয়ে গেলে মানুষ সেটিকে আগের চেয়ে বেশি মূল্যবান মনে করে। মনোবিজ্ঞানে এই প্রবণতাকেই বলা হয় এনডাউমেন্ট ইফেক্ট।
পরিচিত জিনিসই বেশি স্বস্তি দেয়
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো মিয়ার এক্সপোজার ইফেক্ট। মনোবিজ্ঞানী রবার্ট জায়ন্স দেখিয়েছেন, কোনো বস্তু বা মানুষের সঙ্গে যত বেশি পরিচিতি তৈরি হয়, ততই সেটির প্রতি আমাদের ভালো লাগা বাড়তে থাকে।
একই মগে প্রতিদিন চা বা কফি পান করলে সেটির সঙ্গে এক ধরনের মানসিক স্বাচ্ছন্দ্য ও পরিচিতি তৈরি হয়। ফলে অন্য যেকোনো মগের তুলনায় সেটিই বেশি আরামদায়ক মনে হয়।
স্মৃতির কারণে বাড়ে ভালোবাসা
দীর্ঘদিন ব্যবহার করা একটি মগে ধীরে ধীরে জমে যায় অসংখ্য ছোট ছোট স্মৃতি। মগটির রং কিছুটা ফিকে হয়ে যাওয়া, ছোটখাটো দাগ বা চিড়ও তখন আর ত্রুটি মনে হয় না। বরং সেগুলোই হয়ে ওঠে ব্যক্তিগত স্মৃতির অংশ।
এ কারণেই অনেক সময় নতুন ও দৃষ্টিনন্দন মগের চেয়েও পুরোনো একটি সাধারণ মগ মানুষের কাছে বেশি প্রিয় হয়ে ওঠে।
নতুন মগে মানিয়ে নিতে সময় লাগে
হঠাৎ নতুন একটি মগ ব্যবহার শুরু করলে অনেকের অস্বস্তি লাগে। কারণ, নতুন মগটির সঙ্গে এখনো কোনো মানসিক সম্পর্ক বা পরিচিতি তৈরি হয়নি। তাই দেখতে আকর্ষণীয় হলেও সেটি পুরোনো মগের মতো আপন মনে হয় না।
বিশেষজ্ঞদের মতে, এটি অতিরিক্ত আবেগ নয়; বরং মানুষের মস্তিষ্ক পরিচিত ও নিজের বলে মনে হওয়া জিনিসের প্রতিই স্বাভাবিকভাবে বেশি আকৃষ্ট হয়।
তাই প্রতিদিন একই মগে চা বা কফি পান করার অভ্যাসের পেছনে রয়েছে মানুষের মনস্তত্ত্বের সুপ্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ব্যাখ্যা।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!