গুড়-নারকেলে মচমচে বিন্নি পিঠা
শীত কিংবা উৎসবের সময়ে বাঙালির ঘরে পিঠার আয়োজন বেশ পরিচিত দৃশ্য। চালের গুঁড়া, নারকেল ও গুড়ের সমন্বয়ে তৈরি নানা ধরনের পিঠার মধ্যে বিন্নি নারকেল পিঠা হতে পারে ভিন্ন স্বাদের একটি আয়োজন। বাইরে থেকে লালচে ও মচমচে, ভেতরে নারকেল-গুড়ের মিষ্টি স্বাদ—সহজেই মন কেড়ে নিতে পারে এই পিঠা।
বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় বিন্নি নারকেল পিঠা। জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি।
যেসব উপকরণ লাগবে
- চাল — ২ কাপ
- কোরানো নারকেল — ১ কাপ
- গুড় — আধা কাপ বা স্বাদ অনুযায়ী
- এলাচ — ২টি
- লবণ — ১ চিমটি
- পানি — প্রয়োজনমতো
- তেল — ভাজার জন্য পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে চালের পানি ঝরিয়ে পাতলা কাপড়ের ওপর ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে চালের বাড়তি পানি শুকিয়ে নিতে হবে।
চাল কিছুটা শুকিয়ে গেলে শিল-পাটা অথবা গ্রাইন্ডারে দিয়ে মিহি করে গুঁড়া করুন। এরপর চালের গুঁড়া ভালোভাবে চেলে আলাদা করে রাখুন।
এবার পিঠার পুর তৈরির পালা। একটি প্যানে কোরানো নারকেল, গুড় ও দুটি এলাচ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। নারকেলের পানি শুকিয়ে মিশ্রণটি বেশ শুকনো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। রান্না শেষে এলাচ দুটি অবশ্যই তুলে ফেলুন।
এরপর একটি পাত্রে চালের গুঁড়া নিন। এতে রান্না করা নারকেল-গুড়ের মিশ্রণ ও এক চিমটি লবণ যোগ করুন। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে গোলা তৈরি করুন। খেয়াল রাখতে হবে, গোলা যেন খুব পাতলা বা অতিরিক্ত ঘন না হয়।
এবার কড়াই বা গভীর প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করুন। তেল ভালোভাবে গরম হলে চামচ বা ছোট কাপের সাহায্যে পরিমাণমতো গোলা নিয়ে তেলে ছেড়ে দিন।
এক পাশ লালচে হয়ে এলে সাবধানে উল্টে অন্য পাশটিও ভেজে নিন। এভাবে কয়েকবার উল্টে-পাল্টে পিঠাটি সুন্দর লালচে ও মচমচে করে ভেজে নিন।
ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করতে পারেন। আবার ঠান্ডা করেও খাওয়া যায়। ঠান্ডা হওয়ার পর পিঠাটি আরও কিছুটা শক্ত ও মচমচে হয়ে যায়।
চা বা কফির সঙ্গে কিংবা বিকেলের নাশতায় এই বিন্নি নারকেল পিঠা হতে পারে দারুণ একটি আয়োজন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!