Dark Mode
Image
  • Wednesday, 10 June 2026
গোপনে স্টোরি দেখা যাবে! ইনস্টাগ্রামে আসছে ‘প্লাস’ সাবস্ক্রিপশন

গোপনে স্টোরি দেখা যাবে! ইনস্টাগ্রামে আসছে ‘প্লাস’ সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে আয় বাড়াতে নতুন কৌশল নিচ্ছে Meta Platforms। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশে চালু করা হয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা ‘ইনস্টাগ্রাম প্লাস’। জনপ্রিয় প্ল্যাটফর্ম Instagram–এর এই নতুন উদ্যোগে যুক্ত হচ্ছে বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা অন্যের স্টোরি গোপনে দেখতে পারবেন—অর্থাৎ স্টোরি ভিউ তালিকায় তাদের নাম দেখা যাবে না। পাশাপাশি নিজের স্টোরি কে কতবার দেখেছেন, সেই তথ্যও জানা যাবে।

শুধু তাই নয়, স্টোরি শেয়ারিংয়েও আসছে নতুন নিয়ন্ত্রণ। আগে ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় সীমাবদ্ধ থাকলেও এখন একাধিক অডিয়েন্স গ্রুপ তৈরি করে নির্দিষ্ট মানুষদের জন্য আলাদা করে স্টোরি শেয়ার করা যাবে।

স্টোরির সময়সীমাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণত ২৪ ঘণ্টা পর স্টোরি মুছে গেলেও সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় বাড়াতে পারবেন। এছাড়া সপ্তাহে একবার ‘স্পটলাইট’ ফিচারের মাধ্যমে নিজের স্টোরিকে অনুসারীদের ফিডের শীর্ষে তুলে ধরার সুযোগ থাকবে।

নতুন ফিচারের তালিকায় রয়েছে ‘সুপারলাইক’ নামের অ্যানিমেটেড রিঅ্যাকশন এবং স্টোরি ভিউয়ার তালিকায় নির্দিষ্ট ব্যবহারকারীকে দ্রুত খুঁজে পাওয়ার সুবিধা।

যদিও আনুষ্ঠানিকভাবে সব দেশের নাম জানানো হয়নি, বিভিন্ন সূত্রে জানা গেছে—মেক্সিকো, জাপান এবং ফিলিপাইনে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। দেশভেদে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ভিন্নভাবে; যেমন মেক্সিকো ও জাপানে মাসিক প্রায় ২ ডলার, আর ফিলিপাইনে তুলনামূলক কম।

বিশ্লেষকদের মতে, এই সাবস্ক্রিপশন মডেল Meta Platforms–এর জন্য নতুন আয়ের উৎস তৈরি করতে পারে। তবে একই সঙ্গে অতিরিক্ত সাবস্ক্রিপশন সেবার কারণে ব্যবহারকারীদের মধ্যে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

সব মিলিয়ে, প্রিমিয়াম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানো এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা যাচাই—দুই লক্ষ্যেই এগোচ্ছে Instagram। এখন দেখার বিষয়, পরীক্ষামূলক ধাপ শেষে এই সেবা কতটা বিস্তৃতভাবে চালু করা হয়।

Comment / Reply From

You May Also Like