Dark Mode
Image
  • Monday, 23 November 2026
জিটিএ-৬ খেলতে ৫ দিনের ছুটি!

জিটিএ-৬ খেলতে ৫ দিনের ছুটি!

 

জিটিএ-৬ খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি দিল জাপানি প্রতিষ্ঠান!

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিডিও গেমপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে বহুল আলোচিত ‘গ্র্যান্ড থেফট অটো-৬’ বা জিটিএ-৬। গেমটির মুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে যখন চলছে উদ্‌যাপন, তখন ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে জাপানের গেম নির্মাতা প্রতিষ্ঠান পকেটপেয়ার। কর্মীরা যেন নতুন গেমটি নিশ্চিন্তে উপভোগ করতে পারেন, সে জন্য তাদের টানা পাঁচ দিনের ছুটি দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়। মজার বিষয় হলো, ছুটির নাম দেওয়া হয়েছে ‘ভাইস সিটিতে জরুরি ব্যবসায়িক সফর’। জিটিএ-৬ গেমের কাল্পনিক শহর ভাইস সিটির নামের সঙ্গে মিল রেখেই এমন ব্যতিক্রমী নামকরণ করেছে প্রতিষ্ঠানটি।

‘পালওয়ার্ল্ড’ গেমের নির্মাতা পকেটপেয়ার গত বৃহস্পতিবার টোকিওর কার্যালয়ে আয়োজন করে বিশেষ সুশি পার্টি। সেখানে সহকর্মীদের সঙ্গে একত্রে গেমটি উপভোগ করার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি কর্মীরা চাইলে বাড়িতে ফিরেও নিজেদের মতো করে দীর্ঘ সময় গেম খেলার সুযোগ পেয়েছেন। প্রতিষ্ঠানটির মতে, গেমিং জগতের নতুন এক যুগের সূচনার সাক্ষী হওয়ার সুযোগ হিসেবেই এই ছুটির আয়োজন।

তবে একসঙ্গে অনেক কর্মী ছুটিতে থাকায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হতে পারে বলে স্বীকার করেছেন পকেটপেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাকুরো মিজোবে। তারপরও দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার পর এমন একটি গেমের মুক্তিকে কেন্দ্র করে এই ঝুঁকি নেওয়াকে সার্থক বলে মনে করেন তিনি।

কর্মীদের সঙ্গে উদ্‌যাপনের সময় মিজোবে বলেন, একজন গেম নির্মাতা হিসেবে অন্যদের তৈরি অসাধারণ গেম দেখা এবং সেগুলো কীভাবে তৈরি হয়েছে, তা বোঝার সুযোগ রয়েছে। তবে একজন সাধারণ গেমার হিসেবে এমন একটি অসাধারণ গেম মুক্তি পেলে নিজেও সেটি খেলার জন্য আগ্রহী হয়ে ওঠেন তিনি।

জিটিএ-৬-এর মুক্তি ঘিরে শুধু জাপানেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। টোকিও থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের অনুপস্থিতি ও ছুটির প্রবণতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতেও গেমটি কেবল কনসোলে খেলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং সামাজিক আয়োজনের অংশ হয়ে উঠছে।

সব মিলিয়ে জিটিএ-৬-এর মুক্তি যে শুধু গেমারদের বিনোদনের উপলক্ষ নয়, বরং বিশ্বজুড়ে গেমিং সংস্কৃতির বড় একটি ঘটনা হয়ে উঠেছে, পকেটপেয়ারের এই ব্যতিক্রমী ছুটির উদ্যোগ তারই ইঙ্গিত দিচ্ছে।

 

Comment / Reply From