জেমিনি এআই-নির্ভর নতুন সিরি আনছে অ্যাপল
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে অ্যাপল। গুগলের সঙ্গে সদ্য ঘোষিত এআই অংশীদারত্বের প্রথম বাস্তব ফল হিসেবে শিগগিরই আসতে যাচ্ছে সিরির নতুন সংস্করণ। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের তথ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধেই এই আপডেট উন্মোচনের পরিকল্পনা করছে অ্যাপল, যেখানে ব্যবহার করা হবে গুগলের শক্তিশালী জেমিনি এআই মডেল।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সিরি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ডিভাইসের পর্দায় থাকা কনটেন্ট বিশ্লেষণ করে আরও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ সম্পন্ন করতে পারবে। ব্যবহারকারীর অভ্যাস ও প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা থাকবে এতে। ২০২৪ সালের জুনে অ্যাপল যে উন্নত সিরি অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়েছিল, এই আপডেটকেই তার প্রথম বাস্তব রূপ হিসেবে দেখা হচ্ছে।
তবে এখানেই শেষ নয়। গারম্যানের মতে, আরও বড় পরিসরের একটি আপগ্রেড ঘোষণা আসতে পারে চলতি বছরের জুনে, অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (WWDC)-এ। সেই সংস্করণে সিরিকে আরও কথোপকথনমুখী করা হবে, যা অনেকটাই চ্যাটজিপিটির মতো অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের। ধারণা করা হচ্ছে, এই উন্নত সিরি সরাসরি গুগলের ক্লাউড অবকাঠামোর ওপর চলতে পারে।
এর আগে অ্যাপলের এআই কৌশল নিয়ে অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ সংকটের খবর সামনে এলেও, গুগলের সঙ্গে অংশীদারত্ব এবং এআই প্রধান জন জিয়ানান্দ্রিয়ার বিদায়ের পর প্রতিষ্ঠানটি নতুন কৌশলে এগোচ্ছে—এমন ইঙ্গিতই মিলছে সাম্প্রতিক এই উদ্যোগে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!