Dark Mode
Image
  • Thursday, 25 June 2026
ডায়াবেটিসে কেন উপকারী অ্যাভোকাডো?

ডায়াবেটিসে কেন উপকারী অ্যাভোকাডো?

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অ্যাভোকাডো। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি এখন সালাদ, টোস্ট, স্মুদি ও বিভিন্ন স্বাস্থ্যকর খাবারের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও অ্যাভোকাডো ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পুষ্টিবিদরা জানান, অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ (ফাইবার), ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি৬, পটাশিয়ামসহ বিভিন্ন প্রয়োজনীয় খনিজ উপাদান। এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী মনো-আনস্যাচুরেটেড ফ্যাট বা ‘গুড ফ্যাট’। অন্যান্য অনেক ফলের তুলনায় এতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং স্বাস্থ্যকর চর্বির পরিমাণ বেশি, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য অ্যাভোকাডো উপকারী হতে পারে। এর উচ্চমাত্রার ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করতে বাধা দেয়। একই সঙ্গে এটি ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতাও কমে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অ্যাভোকাডো সমৃদ্ধ খাদ্যাভ্যাস খাদ্যের গ্লাইসেমিক লোড কমাতে সহায়তা করতে পারে। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে, যা ডায়াবেটিস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খাদ্যতালিকায় অ্যাভোকাডো যুক্ত করার সহজ উপায়ও রয়েছে। সকালের নাস্তায় ব্রাউন ব্রেডের সঙ্গে অ্যাভোকাডোর শাঁস মেখে খাওয়া যেতে পারে। এছাড়া সিদ্ধ ডিমের সঙ্গে খেলে এটি আরও পুষ্টিকর হয়ে ওঠে। ফাইবারসমৃদ্ধ হওয়ায় এই ফল দীর্ঘ সময় তৃপ্তি দেয় এবং অপ্রয়োজনীয় স্ন্যাকস খাওয়ার প্রবণতা কমাতে সহায়তা করে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অ্যাভোকাডো কোনোভাবেই ডায়াবেটিসের চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়। এটি কেবল একটি স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাদ্যগ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এছাড়া অ্যাভোকাডো উপকারী হলেও এটি আপেল, পেয়ারা বা অন্যান্য পুষ্টিকর ফলের বিকল্প নয়। বরং বৈচিত্র্যময় ও সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে অ্যাভোকাডো খাওয়াই সবচেয়ে ভালো।

Comment / Reply From