Dark Mode
Image
  • Wednesday, 22 July 2026
ফোনের ব্যাকআপেও লাগবে গুগল স্টোরেজ, আসছে নতুন নিয়ম

ফোনের ব্যাকআপেও লাগবে গুগল স্টোরেজ, আসছে নতুন নিয়ম

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ফোনের ডেটা ব্যাকআপ সংরক্ষণেও গুগল অ্যাকাউন্টের স্টোরেজ ব্যবহার হবে। এ বিষয়ে ইতোমধ্যে ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমে আগাম সতর্ক করা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার প্রায় ৪৫ দিন আগে থেকেই ব্যবহারকারীদের ইমেইল পাঠানো হচ্ছে, যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন।

বর্তমানে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনের এসএমএস, কল হিস্ট্রি, ডিভাইস সেটিংস এবং বিভিন্ন অ্যাপের তথ্য স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয়। তবে আগে এসব ব্যাকআপ গুগল স্টোরেজের হিসাবের মধ্যে ধরা হতো না। নতুন নিয়ম কার্যকর হলে এসব তথ্যও গুগল অ্যাকাউন্টের নির্ধারিত স্টোরেজের অংশ হিসেবে গণনা করা হবে।

এর ফলে কারও গুগল অ্যাকাউন্টের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে নতুন কোনো স্বয়ংক্রিয় ব্যাকআপ তৈরি হবে না। ব্যাকআপ সুবিধা চালু রাখতে হলে অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা খালি করতে হবে অথবা বেশি ধারণক্ষমতার গুগল স্টোরেজ প্ল্যান ব্যবহার করতে হবে।

তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য খুব বেশি উদ্বেগের কারণ নেই। গুগলের তথ্য অনুযায়ী, এই পরিবর্তনের ফলে অধিকাংশ ব্যবহারকারীর ব্যাকআপে গড়ে মাত্র ৩০ থেকে ৪০ মেগাবাইট অতিরিক্ত স্টোরেজ প্রয়োজন হবে।

এছাড়া নতুন আপডেটে ব্যবহারকারীদের জন্য আরও বেশি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ৯ বা এর পরবর্তী সংস্করণ ব্যবহারকারীরা এখন থেকে নিজেরাই নির্ধারণ করতে পারবেন—কোন অ্যাপ বা তথ্যের ব্যাকআপ রাখা হবে এবং কোনগুলো বাদ দেওয়া হবে।

গুগলের এই নতুন উদ্যোগ ব্যবহারকারীদের ব্যাকআপ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রণযোগ্য করলেও, স্টোরেজ ব্যবহারের বিষয়ে সচেতন থাকার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দেবে।

Comment / Reply From

You May Also Like