Dark Mode
Image
  • Saturday, 28 March 2026
ভাঙেননি ঘর, সরালেন পুরো বাড়ি!

ভাঙেননি ঘর, সরালেন পুরো বাড়ি!

সরকারি প্রকল্পের কারণে যেখানে অনেকেই বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ভেঙে ফেলেন, সেখানে এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন ভারতের পাঞ্জাবের এক কৃষক। নিজের শখের বাড়িটি ভাঙার বদলে তিনি সেটিকে অক্ষত অবস্থায় সরিয়ে নিয়েছেন প্রায় ৫০০ ফুট দূরে।

পাঞ্জাবের সঙ্গরুর জেলার রোশানওয়ালা গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং সুখি পেশায় কৃষক হলেও আর্থিকভাবে স্বচ্ছল। বহু যত্নে গড়ে তোলা তাঁর স্বপ্নের বাড়িটি হঠাৎই পড়ে যায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায়। জানা যায়, তাঁর বাড়ির ওপর দিয়েই নির্মাণ করা হবে দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে।

প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ক্ষতিপূরণের প্রস্তাব দিলেও নিজের বাড়ি ভাঙতে রাজি হননি সুখবিন্দর। তবে সরকারি নির্দেশও অমান্য করা সম্ভব ছিল না। তাই তিনি বেছে নেন এক অভিনব সমাধান।

আধুনিক প্রযুক্তির সহায়তায় পুরো বাড়িটিকেই মাটি থেকে তুলে বিশেষ চাকার ওপর স্থাপন করা হয়। এরপর ধীরগতিতে সেটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নতুন জায়গায়। ইতোমধ্যে বাড়ি সরানোর কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত স্থানে সেটি বসানো হবে বলে জানা গেছে।

এই পদ্ধতিতে একদিকে যেমন সরকারের উন্নয়নকাজে কোনো বাধা তৈরি হচ্ছে না, অন্যদিকে সুখবিন্দরের বহু কষ্টে গড়া বাড়িটিও অক্ষত থাকছে।

স্থানীয়দের কাছে এই ঘটনা এখন বিস্ময়ের বিষয়। প্রযুক্তির এমন ব্যবহার শুধু সময় বাঁচাচ্ছে না, বরং আবেগ ও সম্পদের সুরক্ষাও নিশ্চিত করছে।

Comment / Reply From