মাকালু জয়ে নতুন মিশনে বাবর
বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং পর্বতশৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে আবারও অভিযানে নামছেন বাংলাদেশের এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী। এবার তার লক্ষ্য বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু।
‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামে এই অভিযানের আয়োজন করেছে ভার্টিক্যাল ড্রিমার্স। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বাবর আলী জানান, আট হাজার মিটার বা তার বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ জয় করার দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে তার। ইতোমধ্যে চারটি শৃঙ্গ জয় করে তিনি এই লক্ষ্যপানে অনেকটাই এগিয়েছেন। মাকালু জয় তার সেই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।
তিনি বলেন, শুরুতে পাকিস্তানের নাঙ্গা পর্বত আরোহণের পরিকল্পনা থাকলেও অর্থসংকট ও সীমান্ত পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। মাকালুর খাড়া ঢাল, তীব্র বাতাস এবং পিরামিড আকৃতির গঠন এটিকে অত্যন্ত কঠিন পর্বতে পরিণত করেছে—তবে সেই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত তিনি।
আগামী ৭ এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু করবেন বাবর। নেপালের কাঠমান্ডু হয়ে টুমলিংটার পৌঁছে কয়েকদিনের ট্রেক শেষে বেস ক্যাম্পে যাবেন তিনি। সেখান থেকে ধাপে ধাপে উচ্চতায় অভিযোজনের পর শুরু হবে মূল আরোহন।
প্রায় ৫০ দিনের এই অভিযানে আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে চূড়ায় পৌঁছানোর আশা করছেন আয়োজকরা।
উল্লেখযোগ্যভাবে, বাবর আলীর পর্বতারোহণ যাত্রা শুরু ২০১৪ সালে, আর ট্রেকিংয়ের সূচনা ২০১০ সালে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে। তিনি ভারতের নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
তার অর্জনের তালিকায় রয়েছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোৎসে, অন্নপূর্ণা-১ এবং মাউন্ট মানাসলু জয়। এর মধ্যে মানাসলু শৃঙ্গ তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করে নতুন ইতিহাস গড়েছেন।
মাউন্ট মাকালু (উচ্চতা ৮,৪৮৫ মিটার) নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম দুর্গম পর্বত হিসেবে পরিচিত। এই অভিযান সফল হলে বাবর আলীর ঝুলিতে যুক্ত হবে আরেকটি অনন্য কৃতিত্ব।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!