Dark Mode
Image
  • Thursday, 02 July 2026
সবজির রসে ফর্মুলা, আইসিইউতে ৩ মাসের শিশু

সবজির রসে ফর্মুলা, আইসিইউতে ৩ মাসের শিশু

সবজির রস মিশিয়ে বেবি ফর্মুলা, আইসিইউতে ৩ মাসের শিশু

শিশুর খাবার প্রস্তুতে সামান্য ভুলও কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এমনই একটি ঘটনা ঘটেছে চীনে, যেখানে বেবি ফর্মুলা তৈরিতে পানির পরিবর্তে সবজির রস ব্যবহার করায় মাত্র তিন মাস বয়সী এক শিশু গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভর্তি হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের ঝংশান নারী ও শিশু হাসপাতালে শিশুটিকে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে আনার সময় শিশুটির শরীর বেগুনি আভা ধারণ করেছিল, ঠোঁট নীলচে-বেগুনি হয়ে গিয়েছিল এবং তার শ্বাস নিতে মারাত্মক কষ্ট হচ্ছিল।

শিশুটির বাবা-মা জানান, দুধ পান করার কিছুক্ষণ পরই এসব উপসর্গ দেখা দেয়। পরে তারা চিকিৎসকদের জানান, সাধারণ পানির পরিবর্তে সবজির রস ব্যবহার করে বেবি ফর্মুলা তৈরি করেছিলেন। তাদের ধারণা ছিল, সবজির রস পানির তুলনায় বেশি পুষ্টিকর হওয়ায় এটি শিশুর জন্য উপকারী হবে।

তবে পরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হন, শিশুটি নাইট্রাইট বিষক্রিয়ায় (Nitrite Poisoning) আক্রান্ত হয়েছে। দ্রুত চিকিৎসার ফলে দুই দিন পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয় এবং জুন মাসের মাঝামাঝি সময়ে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

কেন হলো এই বিষক্রিয়া?

চিকিৎসকদের মতে, সবজি দীর্ঘ সময় ধরে সিদ্ধ করলে তৈরি হওয়া রসে উল্লেখযোগ্য পরিমাণে নাইট্রাইট জমা হতে পারে। এই রস দিয়ে বেবি ফর্মুলা তৈরি করলে তা নবজাতক ও অল্পবয়সী শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা জানান, তিন মাস বয়সী শিশুর কিডনি ও পরিপাকতন্ত্র এখনও পুরোপুরি বিকশিত হয় না। ফলে শরীর অতিরিক্ত নাইট্রেট বা নাইট্রাইট প্রক্রিয়াজাত করতে পারে না। এসব উপাদান রক্তে প্রবেশ করলে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায়, যার কারণে ত্বক, ঠোঁট ও নখ নীলচে বা বেগুনি রঙ ধারণ করতে পারে। এ অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে জরুরি চিকিৎসাযোগ্য পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়।

অভিভাবকদের জন্য সতর্কবার্তা

ঘটনার পর চিকিৎসকেরা অভিভাবকদের স্পষ্টভাবে পরামর্শ দিয়েছেন, বেবি ফর্মুলা প্রস্তুতের ক্ষেত্রে শুধুমাত্র নির্দেশনা অনুযায়ী হালকা গরম ও নিরাপদ পানি ব্যবহার করতে হবে।

তারা সতর্ক করে বলেন, ফর্মুলা দুধ তৈরিতে কখনোই সবজির রস, ফলের রস, ভাতের মাড়, স্যুপ বা অন্য কোনো তরল পানির বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এদিকে চীনের গুয়াংসি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং নং–১ পিপলস হাসপাতালের শিশু বিশেষজ্ঞ কাও চি অভিভাবকদের নাইট্রাইট বিষক্রিয়ার লক্ষণ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিশুর ঠোঁট বা ত্বক নীলচে হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, শিশুর পুষ্টি নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ ও প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ উপায়। সামান্য ভুল সিদ্ধান্তও নবজাতকের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

Comment / Reply From