১৫ মিনিটেই কমেন্ট এডিট, ইনস্টাগ্রামে নতুন ফিচার
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম Instagram ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে Meta। এখন থেকে কোনো পোস্টে কমেন্ট করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পাদনা বা সংশোধন করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট Engadget-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কমেন্ট দেওয়ার পর ১৫ মিনিট পর্যন্ত সেটি এডিট করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে যতবার প্রয়োজন, ততবারই কমেন্ট পরিবর্তনের সুযোগ থাকবে।
এই ফিচারটির কার্যপ্রণালী অনেকটা ইনস্টাগ্রামের মেসেজ এডিট অপশনের মতো। উল্লেখ্য, ২০২৪ সালে প্ল্যাটফর্মটিতে ডাইরেক্ট মেসেজ (ডিএম) এডিট করার সুবিধা চালু করা হয়, যা ব্যবহারকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
কমেন্ট এডিট করার পদ্ধতিও বেশ সহজ। নিজের করা কমেন্টের নিচে থাকা ‘Edit’ অপশনে ট্যাপ করলেই একটি টেক্সট বক্স খুলবে, যেখানে প্রয়োজন অনুযায়ী লেখা পরিবর্তন করা যাবে। এরপর ‘চেক মার্ক’-এ চাপ দিলেই সংশোধিত কমেন্ট সংরক্ষিত হবে।
বর্তমানে ইনস্টাগ্রামের বিভিন্ন অংশে—পোস্ট, রিলস এমনকি স্টোরিতেও—কমেন্ট করার সুযোগ রয়েছে। ফলে নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি, সাম্প্রতিক সময়ে আরও কিছু পরিবর্তন আনছে মেটা। চলতি বছরের মার্চের শুরুতে তারা ইনস্টাগ্রাম ডিএম থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। এছাড়া ‘Instagram Plus’ নামে একটি সাবস্ক্রিপশন সেবাও পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, যেখানে স্টোরি ফিচারে বাড়তি সুবিধা যুক্ত করা হচ্ছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!