৭ দিনে কমান ১ কেজি ওজন!
ওজন কমানোর কথা ভাবলেই অনেকের মাথায় প্রথম প্রশ্ন আসে—কত দিনে কত কেজি কমানো সম্ভব? কেউ দ্রুত ফল পেতে কঠোর ডায়েট শুরু করেন, কেউ আবার ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেন। কিন্তু শুধু কম খাওয়া বা বেশি ব্যায়াম করলেই যে ওজন কমবে, বিষয়টি এতটা সহজ নয়। এর পেছনে রয়েছে ক্যালরি, ফ্যাট লস এবং শরীরের বিপাকক্রিয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞান।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর উপায়ে এক সপ্তাহে প্রায় ১ কেজি ওজন কমানো সম্ভব। তবে এর জন্য শরীরকে সঠিকভাবে ‘ক্যালরি ডেফিসিট’-এ রাখতে হবে।
১ কেজি ওজন কমাতে কত ক্যালরি ঘাটতি প্রয়োজন?
সাধারণভাবে ১ কেজি ওজন কমাতে প্রায় ৭৭০০ ক্যালরি বার্ন করতে হয়। অর্থাৎ, এক সপ্তাহে ১ কেজি ওজন কমাতে চাইলে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও ব্যায়ামের মাধ্যমে মোট ৭৭০০ ক্যালরি ঘাটতি তৈরি করতে হবে।
তবে এই ওজন কমা যেন শুধু শরীরের পানি কমে না গিয়ে প্রকৃত ফ্যাট লস হয়, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
ফ্যাট লস ও ওয়াটার লসের পার্থক্য
অনেক সময় ডায়েট শুরু করার প্রথম কয়েকদিনেই হঠাৎ ২-৩ কেজি ওজন কমে যায়। কিন্তু পরে ওজন আর কমতে চায় না। এটি মূলত শরীরের পানি কমে যাওয়ার কারণে ঘটে, যাকে বলা হয় ওয়াটার লস।
অন্যদিকে ধীরে ধীরে ক্যালরি ঘাটতিতে থেকে ওজন কমানো হলে সেটি হয় ফ্যাট লস। এটি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর এবং টেকসই।
যেসব বিষয় ওজন কমাতে গুরুত্বপূর্ণ
এক সপ্তাহে স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—
- শুরুর ওজন
- দৈনন্দিন শারীরিক কার্যকলাপ
- খাদ্যের পুষ্টিমান
- পর্যাপ্ত ঘুম
- হরমোনের ভারসাম্য
এই বিষয়গুলো মাথায় রেখে ডায়েট ও ব্যায়ামের পরিকল্পনা করলে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো সহজ হয়।
ওজন কমানোর সময় যেভাবে পুষ্টি নিশ্চিত করবেন
পর্যাপ্ত পানি পান করুন
অনেক সময় ক্ষুধা মনে হলেও আসলে শরীর পানিশূন্য থাকে। তাই ক্ষুধা লাগলে আগে এক গ্লাস পানি পান করুন। এরপরও ক্ষুধা থাকলে ফল খেতে পারেন।
ধীরে ধীরে খাবার খান
খাবার ধীরে চিবিয়ে খেলে মস্তিষ্ক দ্রুত বুঝতে পারে যে পেট ভরে গেছে। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
ফাইবারযুক্ত খাবার বাড়ান
শাকসবজি, ফল ও ওটসের মতো ফাইবারসমৃদ্ধ খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং হজমেও সহায়তা করে।
ছোট প্লেটে খাবার খান
ছোট প্লেট ব্যবহার করলে তুলনামূলক কম খাবারেও মানসিকভাবে তৃপ্তি পাওয়া যায়। এতে অতিরিক্ত ক্যালরি গ্রহণ কমে।
প্রোটিনের পরিমাণ বাড়ান
ডিম, মাছ, মুরগি বা ডালজাতীয় খাবার বেশি সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার ইচ্ছা কমে যায়।
ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে নিয়মিত অভ্যাস। হঠাৎ কঠোর ডায়েট না করে ধীরে ধীরে স্বাস্থ্যকর জীবনযাত্রায় অভ্যস্ত হওয়াই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর উপায়।
সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক সুস্থতা—এই চারটি বিষয় একসঙ্গে মেনে চলতে পারলেই স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!