৯০ সেকেন্ড আগেই ভূমিকম্পের সতর্কতা!
ভূমিকম্পের মতো অনিবার্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে অভিনব এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা। তার তৈরি ‘ভুবন’ নামের ডিভাইসটি ভূমিকম্প শুরু হওয়ার ২০ থেকে ৯০ সেকেন্ড আগেই সতর্কবার্তা দিতে সক্ষম—যা দুর্যোগ মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি-এর এই শিক্ষার্থী প্রায় দেড় বছরের গবেষণার মাধ্যমে ডিভাইসটি তৈরি করেছেন। ‘ভুবন’ মূলত ভূ-অভ্যন্তরে সৃষ্ট সিসমিক ওয়েভ বিশ্লেষণ করে কাজ করে এবং ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ বা ‘প্রাইমারি ওয়েভ’ শনাক্ত করতে পারে।
উদ্ভাবক জানান, মানুষ সাধারণত যে কম্পন অনুভব করে তা হলো ‘সেকেন্ডারি ওয়েভ’, যা তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর। ‘ভুবন’ এই সেকেন্ডারি ওয়েভ আসার আগেই সতর্ক সংকেত দেয়। ডিভাইসটি প্রায় ৩০ সেকেন্ড ধরে উচ্চমাত্রার সাইরেন বাজিয়ে মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ করে দেয়।
ইব্রাহিম মোল্লার দাবি, ইন্ডাস্ট্রিয়াল টেস্টিংয়ে ডিভাইসটি প্রায় শতভাগ সফলতা দেখিয়েছে। বর্তমানে এটি ভবনের ভেতরে ব্যবহারের উপযোগী হলেও, যদি মাটির গভীরে বা ফ্রন্টলাইন এলাকায় স্থাপন করা যায়, তাহলে প্রায় ২ মিনিট আগে সতর্কবার্তা পাওয়া সম্ভব।
এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর মতো শীর্ষ প্রতিষ্ঠান থেকে পুরস্কার অর্জন করেছেন।
তরুণ এই উদ্ভাবকের লক্ষ্য, সরকারি সহায়তায় ‘ভুবন’ ডিভাইসটি বাণিজ্যিকভাবে উৎপাদন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরা। তিনি জানিয়েছেন, দেশের মানুষের জানমাল রক্ষায় এই প্রযুক্তি সরকারকে বিনামূল্যে প্রদান করতেও প্রস্তুত তিনি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!