Dark Mode
Image
  • Friday, 26 June 2026
উজ্জ্বল ত্বকের নেশায় নষ্ট হচ্ছে না তো ত্বকের সুরক্ষাকবচ?

উজ্জ্বল ত্বকের নেশায় নষ্ট হচ্ছে না তো ত্বকের সুরক্ষাকবচ?

বর্তমান সময়ে উজ্জ্বল, মসৃণ ও দাগহীন ত্বক পাওয়ার আকাঙ্ক্ষায় অনেকেই নিয়মিত বিভিন্ন ধরনের স্কিনকেয়ার পণ্য ব্যবহার করছেন। ফেইসওয়াশ, স্ক্রাব, টোনার, সিরাম, এএইচএ-বিএইচএ পিলিং সলিউশন থেকে শুরু করে নানা ধরনের প্রসাধনী এখন দৈনন্দিন রূপচর্চার অংশ হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অতিরিক্ত কিংবা ভুলভাবে স্কিনকেয়ার পণ্য ব্যবহার করলে ত্বকের উপকারের বদলে ক্ষতিই বেশি হতে পারে।

চর্মরোগ বিশেষজ্ঞদের ভাষায়, এই সমস্যাকে বলা হয় ‘স্কিন স্ট্রিপিং’। অর্থাৎ, ত্বকের স্বাভাবিক সুরক্ষামূলক স্তর ও প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যাওয়ার একটি অবস্থা।

কী এই স্কিন স্ট্রিপিং?

ত্বকের নিজস্ব একটি সুরক্ষাব্যবস্থা রয়েছে, যা প্রাকৃতিক তেল বা সেবামের মাধ্যমে ত্বককে আর্দ্র রাখে এবং বাইরের ধুলোবালি, জীবাণু ও দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। কিন্তু অতিরিক্ত স্ক্রাবিং, ঘন ঘন মুখ ধোয়া কিংবা শক্তিশালী অ্যাসিডযুক্ত প্রসাধনী ব্যবহারের কারণে এই সুরক্ষাকবচ নষ্ট হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অনেকেই তৈলাক্ত ত্বককে সমস্যা মনে করে বারবার মুখ পরিষ্কার করেন। অথচ এই প্রাকৃতিক তেলই ত্বকের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্কিন স্ট্রিপিংয়ের প্রধান লক্ষণ

১. অতিরিক্ত শুষ্ক ও টানটান অনুভূতি

মুখ ধোয়ার পর যদি ত্বক অস্বাভাবিকভাবে টানটান লাগে এবং ময়েশ্চারাইজার ব্যবহারের পরও দ্রুত শুষ্ক হয়ে যায়, তবে এটি স্কিন স্ট্রিপিংয়ের লক্ষণ হতে পারে।

২. অস্বাভাবিক চকচকে ভাব

অনেকে ত্বকের অতিরিক্ত উজ্জ্বলতাকে স্বাস্থ্যকর গ্লো মনে করেন। কিন্তু ত্বকের সুরক্ষাস্তর ক্ষতিগ্রস্ত হলে ত্বক পাতলা হয়ে মোমের মতো অস্বাভাবিক চকচকে দেখাতে পারে।

৩. হঠাৎ ব্রণ বৃদ্ধি

ত্বক যখন অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তখন নিজেকে সুরক্ষিত রাখতে বেশি তেল উৎপাদন শুরু করে। এতে লোমকূপ বন্ধ হয়ে ব্রণ ও র‌্যাশের সমস্যা দেখা দিতে পারে।

৪. সাধারণ পণ্যেও জ্বালাপোড়া

আগে যেসব প্রসাধনী সহজে ব্যবহার করা যেত, সেগুলো ব্যবহারের পর যদি ত্বকে জ্বালাপোড়া, চুলকানি বা লালচে ভাব দেখা দেয়, তবে বুঝতে হবে ত্বক অতিসংবেদনশীল হয়ে পড়েছে।

কীভাবে এড়াবেন স্কিন স্ট্রিপিং?

এক্সফোলিয়েশন কমিয়ে দিন

কিছুদিনের জন্য স্ক্রাব, পিলিং সলিউশন এবং শক্তিশালী অ্যাসিডযুক্ত সিরাম ব্যবহার বন্ধ রাখা ভালো। এতে ত্বক নিজে থেকেই পুনরুদ্ধারের সুযোগ পায়।

মৃদু ক্লিনজার ব্যবহার করুন

সালফেট-মুক্ত এবং কম ফেনাযুক্ত ফেইসওয়াশ ব্যবহার করা উচিত। প্রয়োজনে শুধু পরিষ্কার পানি দিয়েও মুখ ধোয়া যেতে পারে।

ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করুন

সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড বা অ্যালোভেরা সমৃদ্ধ ময়েশ্চারাইজার ক্ষতিগ্রস্ত ত্বক পুনর্গঠনে সাহায্য করে। পাশাপাশি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

সহজ রুটিনে ফিরে আসুন

বিশেষজ্ঞদের মতে, অপ্রয়োজনীয় ৭-৮ ধাপের স্কিনকেয়ার রুটিন অনুসরণ না করে ক্লিনজিং, ময়েশ্চারাইজিং এবং সানস্ক্রিন—এই তিন ধাপের মৌলিক রুটিনই অধিকাংশ মানুষের জন্য যথেষ্ট।

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন সচেতনতা ও সঠিক যত্ন। তাই নতুন কোনো ট্রেন্ড অনুসরণ করার আগে নিজের ত্বকের প্রয়োজন বুঝে পণ্য নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Comment / Reply From