Dark Mode
Image
  • Friday, 20 February 2026
ঋতুবদল ও রোজা: গরমে কীভাবে ভালো রাখবেন ত্বক?

ঋতুবদল ও রোজা: গরমে কীভাবে ভালো রাখবেন ত্বক?

শীতের শেষ, বসন্তের আবহ আর আসন্ন গরম—এই পরিবর্তনের সময়টাতেই শুরু হচ্ছে পবিত্র রমজান। দীর্ঘ ১৩–১৪ ঘণ্টা পানি ও খাবার থেকে বিরত থাকার কারণে শরীরে সাময়িক পানিশূন্যতা তৈরি হতে পারে, যার প্রভাব সরাসরি পড়ে ত্বকে। তাই এ সময় প্রয়োজন একটু বাড়তি সচেতনতা ও যত্ন।

ঋতু পরিবর্তনে ত্বকের চ্যালেঞ্জ

ঋতুবদলের সময় বাতাসে কখনো শুষ্কতা, কখনো আবার আর্দ্রতা বাড়তে থাকে। এতে ত্বক বিভ্রান্ত হয়ে পড়ে।

শুষ্ক ত্বকে বাড়ে রুক্ষতা ও টান টান ভাব

সংবেদনশীল ত্বকে দেখা দেয় লালচে ভাব বা জ্বালাপোড়া

তৈলাক্ত ত্বক অতিরিক্ত সিবাম উৎপাদন করে, ফলে ব্রণ বা ফুসকুড়ি বাড়ে

এর সঙ্গে যুক্ত হয় রোজার রুটিন পরিবর্তন, কম পানি গ্রহণ ও ঘুমের সময়সূচির বদল—সব মিলিয়ে ত্বক হয়ে উঠতে পারে নিস্তেজ ও ক্লান্ত।

রোজায় ত্বকে কী প্রভাব পড়ে?

বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচির মতে, দীর্ঘ সময় পানি না খাওয়ার ফলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এর ফলে—

ত্বক নিস্তেজ দেখায়

ঠোঁট ফেটে যায়

চোখের নিচে ডার্ক সার্কেল স্পষ্ট হয়

বলিরেখা প্রকট হতে পারে

বিশেষ করে শুষ্ক ত্বকে আর্দ্রতার ঘাটতি আরও বেশি বোঝা যায়। অন্যদিকে ডিহাইড্রেশনের প্রতিক্রিয়ায় তৈলাক্ত ত্বক অনেক সময় বেশি তেল উৎপাদন করে, যা ব্রণের কারণ হতে পারে।

পানিশূন্যতা দূর করার উপায়

রোজায় ত্বক সুস্থ রাখতে সঠিকভাবে পানি পান করা অত্যন্ত জরুরি।

ইফতারে একসঙ্গে বেশি পানি না খেয়ে ধীরে ধীরে পান করুন

প্রথমে ১–১.৫ গ্লাস পানি, ৩০–৪৫ মিনিট পর আরও এক গ্লাস

ইফতার থেকে সেহরি পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে পানি পান করুন

খাদ্যতালিকায় রাখুন পানিসমৃদ্ধ ফল—তরমুজ, শসা, কমলা। ডাবের পানি ও লেবুপানি শরীরকে সতেজ রাখে। অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলাই ভালো, কারণ ক্যাফেইন শরীরের পানিশূন্যতা বাড়াতে পারে।

ত্বকের রুটিনে হালকা পরিবর্তন

গরমের শুরুতে ত্বকের যত্নেও আনতে হবে কিছু পরিবর্তন—

ব্যবহার করুন হালকা ও মৃদু ক্লিনজার

লাইটওয়েট কিন্তু হাইড্রেটিং ময়েশ্চারাইজার বেছে নিন

দিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন

সূর্যের তাপ বাড়লে ত্বকে ছোপ, পোড়া ভাব বা অকাল বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে।

রাতের ত্বকচর্চা কেন জরুরি?

ইফতারের পর ত্বক পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাইরে থাকলে।

মেকআপ থাকলে ডাবল ক্লিনজিং করুন

কোমল ফেসওয়াশ ব্যবহার করুন

হাইড্রেটিং সিরাম লাগান

উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন

দিনে ভিটামিন সি সিরাম এবং রাতে ভিটামিন ই ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে ১–২ দিন হালকা এক্সফোলিয়েশন মৃত কোষ দূর করতে সাহায্য করে, তবে অতিরিক্ত স্ক্রাবিং এড়িয়ে চলা উচিত। এ সময় নতুন পণ্য ব্যবহার না করাই ভালো।

রোজায় ব্যস্ততার মধ্যেও প্রতিদিন সামান্য সময় ত্বকের জন্য রাখুন। সঠিক পানি গ্রহণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত যত্নই রাখতে পারে ত্বক সতেজ ও প্রাণবন্ত।

Comment / Reply From