Dark Mode
Image
  • Tuesday, 08 September 2026
খেজুরের গুড়ে সুস্বাদু কাউন পায়েস

খেজুরের গুড়ে সুস্বাদু কাউন পায়েস

মিষ্টিপ্রেমীদের জন্য ঘরোয়া ও পুষ্টিকর একটি ডেজার্ট হতে পারে কাউন চালের পায়েস। খেজুরের গুড়, দুধ এবং বাদামের সমন্বয়ে তৈরি এই পায়েস স্বাদে যেমন অনন্য, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। বিশেষ করে উৎসব, পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু খাবার।

প্রয়োজনীয় উপকরণ

  • কাউন চাল – আধা কাপ
  • দুধ – ২ লিটার
  • খেজুরের গুড় – আধা কাপ
  • তেজপাতা – ১টি
  • এলাচি – ৫টি
  • লবণ – ১ চিমটি
  • কাঠবাদাম – আধা মুঠো
  • পেস্তাবাদাম – আধা মুঠো
  • কিশমিশ – আধা মুঠো

যেভাবে তৈরি করবেন

প্রথমে কাউন চাল ভালোভাবে বেছে ধুয়ে প্রায় আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। দুধ ফুটে এলে এতে তেজপাতা ও এলাচি যোগ করুন।

ভেজানো চালের পানি ঝরিয়ে দুধের মধ্যে দিয়ে কম আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। এরপর এক চিমটি লবণ যোগ করুন।

চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে খেজুরের গুড় মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। আরও ৫ থেকে ৭ মিনিট রান্না করুন, যাতে গুড়ের স্বাদ দুধ ও চালের সঙ্গে মিশে যায়।

সবশেষে বাদামকুচি ও কিশমিশ ছড়িয়ে নামিয়ে নিন। পায়েস বেশি ঘন করবেন না, কারণ ঠান্ডা হওয়ার পর কাউন চাল আরও তরল শোষণ করে ঘন হয়ে যায়।

পরিবারের সবাইকে নিয়ে গরম কিংবা ঠান্ডা—দুইভাবেই উপভোগ করতে পারেন সুস্বাদু কাউন চালের এই পায়েস।

Comment / Reply From