ঘরেই বানান ঝাল-টক চাট মশলা
ফল, সালাদ, ফুচকা কিংবা মুখরোচক স্ন্যাকস—যে খাবারই হোক, সামান্য চাট মশলা ছড়িয়ে দিলেই স্বাদে আসে বাড়তি মাত্রা। টক, ঝাল ও নোনতা স্বাদের এই মশলা খাবারের প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। সাধারণত বাজার থেকে প্যাকেটজাত চাট মশলা কিনে ব্যবহার করেন অনেকে। তবে বাড়িতেও সহজে তৈরি করা যায় এই মশলা। এতে নিজের পছন্দ অনুযায়ী লবণ, ঝাল ও টকভাব নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে।
চাট মশলা তৈরিতে যা যা লাগবে
-
গোটা ধনে — আধা কাপ
-
গোটা জিরা — আধা কাপ
-
গোলমরিচ — ২–৩ চা-চামচ
-
গোটা মৌরি — ২ টেবিল-চামচ
-
জোয়ান — ২ টেবিল-চামচ
-
পুদিনাপাতা — আধা কাপ
-
শুকনো মরিচ — কয়েকটি
-
বিটলবণ — স্বাদমতো
-
শুকনো আদার গুঁড়া — ৩–৪ টেবিল-চামচ
-
আমচুর গুঁড়া — ৫০ গ্রাম
-
খাবার উপযোগী সাইট্রিক অ্যাসিড — ২ টেবিল-চামচ
-
গুঁড়া চিনি — ৩–৪ টেবিল-চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি শুকনো কড়াই চুলায় বসিয়ে মাঝারি আঁচে গরম করুন। এতে তেল ছাড়াই গোটা ধনে, জিরা, গোলমরিচ, মৌরি, জোয়ান ও শুকনো মরিচ দিয়ে অল্প আঁচে ভাজুন। মশলা থেকে সুগন্ধ বের হলে চুলা বন্ধ করে দিন। খেয়াল রাখবেন, মশলা যেন পুড়ে না যায়।
এরপর পুদিনাপাতা আলাদা করে শুকনো কড়াইয়ে ভেজে নিন, যাতে পাতাগুলো মচমচে হয়ে যায়। ভাজা মশলা ও পুদিনাপাতা পুরোপুরি ঠান্ডা হতে দিন।
এবার ঠান্ডা উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে মিহি গুঁড়া করে নিন। এতে স্বাদমতো বিটলবণ ও খাবার উপযোগী সাইট্রিক অ্যাসিড যোগ করে আবার কয়েকবার ব্লেন্ড করুন।
সবশেষে গুঁড়া মশলার সঙ্গে শুকনো আদার গুঁড়া, আমচুর গুঁড়া ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। টক, ঝাল ও নোনতা স্বাদ নিজের পছন্দ অনুযায়ী ঠিক করতে পারেন। সাইট্রিক অ্যাসিডের পরিমাণও স্বাদ অনুযায়ী কমিয়ে নেওয়া যায়।
তৈরি হয়ে গেল ঘরোয়া চাট মশলা। এবার পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী কাচের পাত্রে ভরে রাখুন। মশলার স্বাদ ও সুগন্ধ ভালো রাখতে পাত্রটি আর্দ্রতামুক্ত স্থানে সংরক্ষণ করুন।
কোন খাবারে ব্যবহার করবেন?
ফলের সালাদ, শসা, পেঁয়াজ, ফুচকা, চটপটি, ঝালমুড়ি কিংবা বিভিন্ন ধরনের স্ন্যাকসে চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে পারেন। চাইলে লেবুর শরবত বা অন্যান্য পছন্দের পানীয়তেও অল্প পরিমাণে ব্যবহার করা যায়।
বাড়িতে চাট মশলা তৈরি করলে নিজের রুচি অনুযায়ী স্বাদ ঠিক করা সহজ হয়। তাই বাজারের প্যাকেটজাত মশলার বিকল্প হিসেবে একবার ঘরেই বানিয়ে দেখতে পারেন এই মজাদার মশলা।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!