Dark Mode
Image
  • Wednesday, 10 June 2026
চিকেন পুরি: বিকেলের নাস্তায় নতুন স্বাদ

চিকেন পুরি: বিকেলের নাস্তায় নতুন স্বাদ

বিকেলের নাস্তায় ভিন্ন স্বাদ আনতে চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু চিকেন পুরি। আলু বা ডালের পুরের বাইরে একটু ভিন্নতা এনে মুরগির মাংস দিয়ে বানানো এই পুরি সহজেই মন জয় করবে সবার। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব অল্প সময়ে তৈরি করা যায় এই মুখরোচক নাস্তা।

ডো তৈরির উপকরণ

  • ময়দা – ২ কাপ
  • সয়াবিন তেল – ১ চা চামচ
  • লবণ – স্বাদমতো
  • পানি – প্রয়োজনমতো
  • তেল – ভাজার জন্য

পুর তৈরির উপকরণ

  • চিকেন কিমা – ১ কাপ
  • পেঁয়াজ কুচি – ১ চা চামচ
  • রসুন কুচি – আধা চা চামচ
  • আদা কুচি – আধা চা চামচ
  • গাজর কুচি – আধা কাপ
  • বাঁধাকপি কুচি – আধা কাপ
  • কাঁচা মরিচ কুচি – ২টি
  • গোলমরিচ গুঁড়া – আধা চা চামচ
  • লবণ – স্বাদমতো
  • তেল – ২ চা চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে ময়দা, লবণ, তেল ও পানি দিয়ে নরম ডো তৈরি করে ঢেকে রাখুন।

এরপর পুর তৈরির জন্য কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, রসুন ও আদা কুচি হালকা ভেজে নিন। এতে চিকেন কিমা ও লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করুন। এরপর ঢাকনা খুলে সবজি (গাজর, বাঁধাকপি, কাঁচা মরিচ) দিয়ে ভালোভাবে নাড়ুন। সবজি নরম হয়ে এলে গোলমরিচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচির ভেতরে পরিমাণমতো চিকেন পুর দিয়ে ছোট পুরির আকারে বেলে নিন।

কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে পুরিগুলো দু’পাশে সোনালি করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন পছন্দের সস বা চাটনির সঙ্গে।

পরিবেশনে বাড়তি টিপস

চিকেন পুরি পরিবেশন করতে পারেন টমেটো সস, চিলি সস বা পুদিনা চাটনির সঙ্গে। চাইলে সাথে এক কাপ গরম চা হলে জমে যাবে বিকেলের আড্ডা।

Comment / Reply From