ঝটপট বানান চিকেন ব্রেড বল
প্রতিদিনের একঘেয়ে নাশতায় একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু চিকেন ব্রেড বল। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব অল্প সময়ে তৈরি করা যায় এই ক্রিসপি স্ন্যাকস। বাইরের ফাস্টফুডের বদলে ঘরেই স্বাস্থ্যকর ও মজাদার এই পদটি পরিবেশন করতে পারেন পরিবারের সবার জন্য।
বিশেষ করে বিকেলের আড্ডা, অতিথি আপ্যায়ন কিংবা শিশুদের টিফিনে এটি হতে পারে দারুণ একটি আইটেম।
প্রয়োজনীয় উপকরণ
- মুরগির বুকের সিদ্ধ মাংস – ২৫০ গ্রাম
- পাউরুটি – ৬ টুকরা
- কাঁচামরিচ কুঁচি – ১ চা চামচ
- চিলি ফ্লেক্স – ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
- ক্যাপসিকাম কুঁচি – ১ কাপ (ঐচ্ছিক)
- ধনিয়া পাতা কুঁচি – আধা কাপ
- মেয়োনেজ – ২ টেবিল চামচ
- টমেটো সস – ২ টেবিল চামচ
- ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়া – ৩ কাপ
- লবণ – স্বাদমতো
- ভাজার জন্য পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালী
প্রথমে সিদ্ধ করা মুরগির মাংস একটি পাত্রে নিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে নিন। এরপর এতে কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, মেয়োনেজ, টমেটো সস এবং পরিমাণমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এরপর একটি বাটিতে অল্প পানি নিন। প্রতিটি পাউরুটি ১-২ সেকেন্ড পানিতে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে হালকা চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন, বেশি সময় পানিতে রাখলে পাউরুটি ভেঙে যেতে পারে।
এবার পাউরুটির মাঝখানে ১-২ টেবিল চামচ চিকেনের মিশ্রণ দিয়ে চারপাশ মুড়িয়ে গোল বলের আকার তৈরি করুন।
সবগুলো বল তৈরি হয়ে গেলে সেগুলো ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে গড়িয়ে নিন।
একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হয়ে এলে মাঝারি আঁচে বলগুলো ডুবো তেলে ভাজুন। চারপাশে সমানভাবে সোনালি বাদামি রং ধারণ করলে তুলে টিস্যু পেপারের ওপর রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়।
পরিবেশন
গরম গরম চিকেন ব্রেড বল টমেটো কেচাপ, চিলি সস কিংবা পছন্দের ডিপ সসের সঙ্গে পরিবেশন করুন। বাইরে মুচমুচে আর ভেতরে নরম ও রসালো এই স্ন্যাকস বিকেলের নাশতায় এনে দেবে ভিন্ন স্বাদ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!