Dark Mode
Image
  • Friday, 31 July 2026
দিনে মাত্র ৫ মিনিট নাচেই মিলবে শরীর ও মনের দারুণ ৫ উপকার

দিনে মাত্র ৫ মিনিট নাচেই মিলবে শরীর ও মনের দারুণ ৫ উপকার

নিজস্ব প্রতিবেদক: সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। তবে ব্যস্ততা কিংবা একঘেয়ে ব্যায়ামের কারণে অনেকেই নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে পারেন না। এমন পরিস্থিতিতে সহজ, আনন্দদায়ক এবং কার্যকর একটি বিকল্প হতে পারে নাচ। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নাচও শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিবিসি লন্ডনের জ্যেষ্ঠ স্বাস্থ্য প্রতিবেদক মেলিসা হোজেনবুম এক সপ্তাহ ধরে প্রতিদিন কাজের ফাঁকে মাত্র পাঁচ মিনিট নাচের অভ্যাস করেন। তার অভিজ্ঞতায় দেখা যায়, অল্প সময়ের এই নাচ কর্মস্পৃহা বাড়ায়, ক্লান্তি কমায় এবং মনকে আরও সতেজ রাখে।

ফিটনেস বাড়াতে কার্যকর

ড্যান্স সাইকোলজিস্ট ও সাবেক পেশাদার নৃত্যশিল্পী পিটার লোভাটের মতে, মানুষের শরীর জন্মগতভাবেই ছন্দ ও নড়াচড়ার সঙ্গে সাড়া দিতে অভ্যস্ত। নিয়মিত নাচ করলে শরীরে অ্যারোবিক ব্যায়ামের উপকারিতা পাওয়া যায়, যা হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে এবং শারীরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করে।

মন ভালো রাখে, কমায় মানসিক চাপ

নাচের সময় শরীরে এন্ডোরফিন নামের সুখের হরমোন নিঃসৃত হয়। এটি মানসিক চাপ কমাতে, বিষণ্নতা দূর করতে এবং ইতিবাচক অনুভূতি তৈরি করতে সহায়ক। দলবদ্ধভাবে নাচলে সামাজিক বন্ধনও আরও দৃঢ় হয়।

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়

নাচের সময় বিভিন্ন স্টেপ মনে রাখা, ছন্দ অনুসরণ করা এবং শরীরের সমন্বয় বজায় রাখতে হয়। এতে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং স্মৃতিশক্তি, মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়।

গবেষণায় দেখা গেছে, মাত্র পাঁচ মিনিটের দলীয় নাচও শিশুদের পরবর্তী শিক্ষামূলক কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে। বয়স্কদের ক্ষেত্রেও নিয়মিত নাচ ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

সৃজনশীলতা বৃদ্ধি করে

বিশেষজ্ঞদের মতে, স্বতঃস্ফূর্তভাবে নাচ মস্তিষ্কের সৃজনশীল অংশকে সক্রিয় করে। ফলে নতুন ধারণা তৈরি, জটিল সমস্যার সমাধান এবং কাজের দক্ষতা বাড়তে পারে। এমনকি অল্প সময়ের নাচও চিন্তার গতি ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক।

শরীরের ভারসাম্য উন্নত করে

নিয়মিত নাচ শরীরের ভারসাম্য ও চলাফেরার দক্ষতা বাড়ায়। পারকিনসন্স রোগীদের পুনর্বাসনেও নাচকে থেরাপির অংশ হিসেবে ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন নাচের অভ্যাস মস্তিষ্কের স্মৃতিনিয়ন্ত্রণকারী অংশ হিপোক্যাম্পাসের কার্যকারিতা উন্নত করতেও সহায়ক হতে পারে।

অল্প সময়েই মিলতে পারে বড় উপকার

বিশেষজ্ঞদের মতে, ঘণ্টার পর ঘণ্টা অনুশীলনের প্রয়োজন নেই। প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নাচও শরীরকে সক্রিয় রাখে, মানসিক ক্লান্তি দূর করে এবং দৈনন্দিন কাজের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে ব্যস্ত দিনের মাঝেও কয়েক মিনিটের একটি ‘ড্যান্স ব্রেক’ হতে পারে দারুণ একটি অভ্যাস।

Comment / Reply From