ফেলে দেবেন না! পেঁপের বিচিতেও লুকিয়ে আছে চমকপ্রদ উপকার
পেঁপে খাওয়ার পর বেশিরভাগ মানুষই এর বিচি ফেলে দেন। তবে অনেকেই জানেন না, ছোট এই কালো বিচিগুলোতে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী হতে পারে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পেঁপের বিচি হজমশক্তি উন্নত করা, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা এবং কিডনির সুরক্ষায় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত খেলে কিছু স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।
পেঁপের বিচির পুষ্টিগুণ
পেঁপের বিচিতে রয়েছে পলিফেনল, ফ্ল্যাভোনয়েডসহ শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের কোষকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, খাদ্যআঁশ এবং বিভিন্ন ধরনের উপকারী উদ্ভিজ্জ যৌগ।
স্বাস্থ্যকর চর্বির ভালো উৎস
পেঁপের বিচিতে থাকা ওলিক অ্যাসিডসহ মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে। গবেষণায় দেখা গেছে, এ ধরনের চর্বি রক্তে ট্রাইগ্লিসারাইড এবং ভিএলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখতে পারে।
খাদ্যআঁশে সমৃদ্ধ
এতে থাকা খাদ্যআঁশ হজমশক্তি উন্নত করতে, কোষ্ঠকাঠিন্য কমাতে এবং রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। পাশাপাশি হৃদ্রোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি কমাতেও আঁশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পেঁপের বিচির সম্ভাব্য উপকারিতা
সংক্রমণের বিরুদ্ধে সহায়ক
কিছু গবেষণায় দেখা গেছে, পেঁপের বিচিতে থাকা উপাদান কয়েক ধরনের ছত্রাক ও অন্ত্রের পরজীবীর বিরুদ্ধে কার্যকর হতে পারে। তবে এসব ফলাফল নিশ্চিত করতে মানুষের ওপর আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।
কিডনির সুরক্ষায় ভূমিকা রাখতে পারে
প্রাণীর ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, পেঁপের বিচিতে থাকা কিছু ফাইটোকেমিক্যাল কিডনিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে। তবে মানুষের ক্ষেত্রে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
ক্যানসার কোষের বৃদ্ধি ধীর করতে পারে
ল্যাবভিত্তিক কিছু গবেষণায় দেখা গেছে, পেঁপের বিচির নির্যাস প্রদাহ কমানোর পাশাপাশি কিছু ক্যানসার কোষের বৃদ্ধি ধীর করতে সক্ষম। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা এবং চিকিৎসার বিকল্প হিসেবে বিবেচিত নয়।
হজমশক্তি উন্নত করে
খাদ্যআঁশ সমৃদ্ধ হওয়ায় পেঁপের বিচি অন্ত্রের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করতে পারে। এটি কোষ্ঠকাঠিন্য কমানো, মল স্বাভাবিক রাখা এবং অন্ত্রের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে ভূমিকা রাখতে পারে।
অতিরিক্ত খেলে যেসব ঝুঁকি থাকতে পারে
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত পরিমাণে পেঁপের বিচি খাওয়া উচিত নয়।
- প্রাণীর ওপর করা কিছু গবেষণায় অতিরিক্ত নির্যাস গ্রহণে শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা কমার ইঙ্গিত পাওয়া গেছে।
- এতে থাকা বেনজিল আইসোথায়োসায়ানেট নামের যৌগ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে কোষ ও ডিএনএর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রাণী গবেষণায় দেখা গেছে।
- গর্ভবতী নারীদের পেঁপের বিচি খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি গর্ভাবস্থায় বিরূপ প্রভাব ফেলতে পারে।
কতটুকু খাওয়া নিরাপদ?
বর্তমানে মানুষের জন্য নির্দিষ্ট নিরাপদ মাত্রা নির্ধারণ করা হয়নি। তাই বিশেষজ্ঞরা পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন। কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে বা নিয়মিত ওষুধ সেবন করলে চিকিৎসকের পরামর্শ নিয়েই পেঁপের বিচি খাদ্যতালিকায় যুক্ত করা উচিত।
শেষ কথা
পেঁপের বিচি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং এর সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা নিয়ে বিভিন্ন গবেষণায় আশাব্যঞ্জক তথ্য পাওয়া গেছে। তবে এসব উপকারিতার অনেকটাই এখনো গবেষণাধীন। তাই এটি অলৌকিক কোনো খাবার নয়। পরিমিত পরিমাণে এবং সচেতনভাবে গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ উপায়।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!