বিশ্বসেরা ৬ তুর্কি কাবাব, একবার খেলেই ভুলবেন না
স্বাদে বিশ্বজয়ী তুরস্কের ৬ কাবাব, তালিকায় শীর্ষে ঐতিহ্যের জয়
নিজস্ব প্রতিবেদক: কাবাবের কথা উঠলেই ধোঁয়া ওঠা গ্রিল, মশলার সুবাস আর রসালো মাংসের স্বাদ যেন জিভে জল এনে দেয়। বিশ্বজুড়ে জনপ্রিয় এই খাবারের অসংখ্য ধরন থাকলেও স্বাদ ও ঐতিহ্যের দিক থেকে এবারও আধিপত্য দেখিয়েছে তুরস্ক। জনপ্রিয় আন্তর্জাতিক ফুড গাইড টেস্টএটলাস প্রকাশিত বিশ্বের সেরা ৫৯টি কাবাবের তালিকায় একাই ২১টি কাবাব স্থান করে নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি।
তালিকায় ইরানের ১৩টি, ভারতের ৮টি এবং পাকিস্তানের ৩টি কাবাব স্থান পেলেও বৈচিত্র্য ও জনপ্রিয়তায় অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে তুরস্ক। চলুন জেনে নেওয়া যাক তুরস্কের সবচেয়ে জনপ্রিয় ৬টি কাবাব সম্পর্কে।
১. ওলতু চাগ কাবাব
তালিকার শীর্ষে রয়েছে উত্তর-পূর্ব তুরস্কের এরজুরুম প্রদেশের বিখ্যাত ওলতু চাগ কাবাব। ভেড়ার মাংস অল্প মসলা ও লবণে মেরিনেট করে বড় শিকে গেঁথে কাঠকয়লার আগুনে ধীরে ধীরে রোস্ট করা হয়। এরপর পাতলা করে কেটে গরম গরম পরিবেশন করা হয়, যা এর অনন্য স্বাদের মূল রহস্য।
২. তোমবিক দোনার কাবাব
তুরস্কের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর অন্যতম তোমবিক দোনার কাবাব। নরম গোলাকার পিদে রুটির মধ্যে পাতলা করে কাটা মাংস, টমেটো, পেঁয়াজ, লেটুস এবং বিশেষ সস দিয়ে পরিবেশন করা হয়। বাইরের হালকা মুচমুচে রুটি ও ভেতরের রসালো মাংস এই কাবাবকে করেছে অত্যন্ত জনপ্রিয়।
৩. চোকের্তমে কাবাব
বোদরুম অঞ্চলের ঐতিহ্যবাহী এই কাবাবে মেরিনেট করা গরুর মাংস পরিবেশন করা হয় চিকন আলুভাজার ওপর। সঙ্গে থাকে রসুন মেশানো দই ও টমেটো সস। স্বাদের পাশাপাশি পরিবেশনের নান্দনিকতার জন্যও এটি বিখ্যাত।
৪. আলিনাজিক কাবাব
গাজিয়ানতেপ অঞ্চলের বিশেষ এই কাবাব ধোঁয়ায় পোড়ানো বেগুন, ঘন দই ও রসুন দিয়ে তৈরি পিউরির ওপর গ্রিল করা খাসির মাংস বা কিমা পরিবেশন করে তৈরি করা হয়। ধোঁয়াটে সুবাস ও কোমল মাংসের স্বাদ এটিকে তুরস্কের অন্যতম জনপ্রিয় খাবারে পরিণত করেছে।
৫. ইসকেনদার কাবাব
তুরস্কের বুরসা শহরের ঐতিহ্যবাহী ইসকেনদার কাবাব তৈরি হয় পাতলা করে কাটা গ্রিল করা ভেড়ার মাংস, পিটা রুটি এবং বিশেষ টমেটো সস দিয়ে। পরিবেশনের সময় এর ওপর গলানো ভেড়ার দুধের মাখন ঢেলে দেওয়া হয়, যা স্বাদকে আরও সমৃদ্ধ করে।
৬. আদানা কাবাব
তুরস্কের বিখ্যাত আদানা শহরের নামেই পরিচিত এই কাবাব। ভেড়ার কিমা, লেজের চর্বি, রসুন, পেঁয়াজ, পাপরিকা ও ঝাল মরিচের গুঁড়া মিশিয়ে বড় চ্যাপ্টা শিকে গেঁথে কাঠকয়লায় গ্রিল করা হয়। সাধারণত পিটা রুটি, গ্রিল করা টমেটো, মরিচ এবং ঐতিহ্যবাহী আইরান পানীয়র সঙ্গে এটি পরিবেশন করা হয়।
বিশ্বজুড়ে কাবাবপ্রেমীদের কাছে তুরস্কের এই ঐতিহ্যবাহী পদগুলো শুধু খাবার নয়, বরং দেশটির সমৃদ্ধ রন্ধনশৈলী ও সংস্কৃতিরও এক অনন্য পরিচয় বহন করে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!